নিষিদ্ধ একটি রাজনৈতিক দলের কার্যক্রম বা তৎপরতা চোখে পড়া জাতির ব্যর্থতা বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন, নৌপরিবহন এবং রেলপথ ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।
তিনি বলেন, জনআকাঙ্ক্ষা ও জনগণের প্রতিপক্ষ হয়ে কার্যক্রম পরিচালনা করতে গিয়ে একটি রাজনৈতিক দল আজ পরিত্যক্ত। জনগণ সেই দলকে বর্জন করায় নিষিদ্ধ হয়েছে।
মন্ত্রী আরও বলেন, নিষিদ্ধ দল নিয়ে আমি মন্তব্য করতে চাই না। দলটি একসময় একটি রাজনৈতিক দল ছিল। এখন সেটি নিষিদ্ধ মানে নিষিদ্ধই।
মঙ্গলবার (২৩ জুন) সকাল সাড়ে ১০টার দিকে মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার চর-গলগলিয়া পলাশপুর এলাকায় ধলেশ্বরী নদীর ওপর নির্মিত পদ্মা রেল সেতুর ঢাকা প্রান্তের ভায়াডাক্টের নিচে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন শেষে মন্ত্রী এসব কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, মুন্সিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য শেখ মো. আব্দুল্লাহ, রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম, জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী ও মুন্সিগঞ্জ পুলিশ সুপার মো. মেনহাজুল আলমসহ স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।

