ঢাকাWednesday , 17 June 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সুন্দরবন থেকে লোকালয়ে বিশাল অজগর, জীবন্ত ছাগল গিলে খাওয়ার চেষ্টা, আতঙ্কে বনসংলগ্ন এলাকার বাসিন্দারা

Link Copied!

বাগেরহাটের শরণখোলায় অজগর সাপের আস্ত ছাগল গিলে খাওয়ার রোমাঞ্চকর একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভিডিওতে দেখা যায়, ঝোপের মধ্যে বাঁধা কালো রঙের ছাগলটির পুরো শরীর পেঁচিয়ে মুখের দিক থেকে গিলে খাওয়ার চেষ্টা করছে বিশাল এক অজগর। এসময় স্থানীয় লোকজন ঘটনাস্থলে জড়ো হলে শিকার ছেড়ে বনের মধ্যে চলে যায় অজগরটি।
ভডিওর সূত্র ধরে খোঁজ নিয়ে জানা যায়, চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (১৬ জুন) বিকালে পূর্ব সুন্দরবনের ধানসাগর ফটেস্ট স্টেশনের কলমতেজী টহল ফাঁড়ির নিকটবর্তী শরণখোলা উপজেলার ধানসাগর ইউনিয়নের বটতলা গ্রামে। এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে বন বিভাগ ও স্থানীয়রা।
স্থানীয় সূত্রে জানা যায়, বটতলা গ্রামের বাসিন্দা রফিকুল ইসলাম বিকালের দিকে তার বকরি ছাগলটি বাড়ির পাশের ভোলা নদীর তীরবর্তী ঝোপের আড়ালে ঘাস খাওয়ার জন্য বেঁধে রাখেন। সন্ধ্যার কিছু আগে হঠাৎ ছাগলটির অস্বাভাবিক ডাক শুনে তিনি দ্রুত ছুটে যান সেখানে । গিয়ে দেখতে পান, বিশাল এক অজগর সাপ ছাগলটির শরীর পেঁচিয়ে ধরেছে এবং মাথার দিক থেকে প্রায় অর্ধেক পরিমাণ গিলে খেয়েছে।
ভয়ঙ্কর এই দৃশ্য দেখে রফিকুল ইসলাম তখন চিৎকার করে ডাকতে থাকেন আশপাশের লোকজনকে। এসময় গ্রামের লোকেরা ঘটনাস্থলে ছুটে গিয়ে প্রত্যক্ষ করেন বিরল এই দৃশ্যটি।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, অজগরটি তখন ছাগলটির প্রায় অর্ধেক শরীর গিলে ফেলেছিল। মানুষের সংখ্যা বাড়তে থাকলে একপর্যায়ে সাপটি শিকার ছেড়ে দিয়ে আবার খাওয়ার চেষ্টা করে। একপর্যায়ে লোকজনের হাকডাকে ছাগলটি ছেড়ে ধীরগতিতে পাশের ভোলা নদী পার হয়ে সুন্দরবনের দিকে চলে যায় অজগরটি। এসমর অনেকেই তাদের মোবাইলে বিরল দৃশ্যটির ভিডিও ধারণ করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন।
ছাগলের মালিক রফিকুল ইসলাম জানালেন, ছাগলের করুণ আর্তনাদ শুনে ছুটে যান সেখানে। ঘটনা দেখে ভয়ে চিৎকার করে লোকজন ডাকতে থাকেন। অনেক লোক জড়ো হওয়ার পর ছাগল ছেড়ে দিয়ে বনের দিকে চলে যায় অজগরটি। কিন্তু তখন ছাগলটি আর বেঁচে ছিল না। সুন্দরবনের পাশে বসবাস করলেও এমন ভয়ঙ্কর দৃশ্য আগে কখনও দেখেননি বলে জানান তিনি। খবর পেয়ে পূর্ব সুন্দরবনের ধানসাগর স্টেশনের কলমতেজী টহল ফাঁড়ির বনরক্ষীরা ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার পরামর্শ দেন।
কলমতেজী টহল ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত বনরক্ষী মো. সুন্দর আলী বললেন, ঘটনাস্থল আমাদের অফিস থেকে খুব কাছাকাছি হওয়ায় লোকজনের কোলাহল শুনে আমরা দ্রুত যাই
সেখানে। কিন্তু পৌঁছানোর আগেই অজগরটি ছাগল ছেড়ে বনের দিকে চলে যায়। আমরা গিয়ে ছাগলটিকে মৃত অবস্থায় পেয়েছি। ধারণা করা হচ্ছে খাবারের সন্ধানে সুন্দরবন থেকে অজগরটি ভোলা নদী পার হয়ে ছাগলের ওপর আক্রমণ করেছে।
তিনি আরও বলেন, সুন্দরবনের বিভিন্ন বন্যপ্রাণী খাবারের সন্ধানে বা পথ ভুল করে মাঝেমধ্যে লোকালয়ে চলে আসে। তাই কোনো বন্যপ্রাণী লোকালয়ে দেখা গেলে আতঙ্কিত না হয়ে বন বিভাগকে খবর দেওয়ার জন্য বলা হয়েছে এলাকাবাসীকে। এছাড়া গৃহপালিত পশু নিরাপদে রাখা এবং শিশুদের বন সংলগ্ন নদীর পাড়ে ও ঝোপজঙ্গলে একা না যাওয়ারও পরামর্শ দেওয়া হয়েছে তাদেরকে।