নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ সিটি করপোরেশনে আওয়ামী লীগ-সমর্থিত মেয়র প্রার্থী সাঈদ খোকন বলেছেন, ‘আমার বাবা যেভাবে ঢাকাবাসীর উন্নয়নের জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন। নির্বাচিত হলে আমিও ঢাকাবাসীর জন্য নিজের জীবন উৎসর্গ করবো। সুযোগ পেলে ঢাকাকে বিশ্বমানের নগরী হিসেবে গড়ে তুলবো।’
মঙ্গলবার বেলা ১১টার দিকে মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের যাত্রাবাড়ী প্রবেশমুখে নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরু করে খোকন এ কথা বলেন।
সাঈদ খোকন বলেন, ‘জননেত্রী (শেখ হাসিনা) যে উন্নয়নের ধারায় দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, এই ফ্লাইওভার তার প্রতীক। আর বাবা সারাজীবন যে পরিশ্রম করেছেন তার ফসল হচ্ছে এই ফ্লাইওভার। এ জন্য আমি এখান থেকে আমার নির্বাচনের প্রচার শুরু করলাম। আপনারা আমার জন্য মানুষের কাছে ভোট চাইবেন।’
খোকন বলেন, ‘এখানে-সেখানে ময়লা আবর্জনা পড়ে থাকাসহ ঢাকার অনেক সমস্য আছে। ঢাকাবাসী যদি আমাকে সমর্থন দেয়, সুযোগ দেয় তাহলে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে নগরী গড়ে তুলবো।’
এ সময় ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এমএ আজিজ, যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগ নেতা বোরহান আহমেদ, এসএম আলী হোসেন রানা, শফিউদ্দিন শফিকসহ মহানগর ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

