সিরাজগঞ্জ প্রতিনিধি: জেলার কাজিপুরে যমুনা নদীতে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ মাসুদ প্রামাণিক (৩৩) নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার সকাল ১১টার দিকে কাজিপুর উপজেলার নাটুয়ারপাড়া ইউনিয়নের ঘোড়াগাছা চর এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
মাসুদ বগুড়া জেলার গাবতলী উপজেলার রানীর পাড়া গ্রামের মারিজ প্রামানিকের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার সন্ধ্যায় কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে উপজেলার খাসরাজবাড়ী এলাকায় নৌকাডুবির ঘটনা ঘটে। ওইদিন রাতে মোজাম্মেল হক নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হলেও নিখোঁজ হয় আরো ৩ জন।
মঙ্গলবার সকালে যমুনা নদীতে নিখোঁজ মাসুদের লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে।
কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, নিহত মাসুদ শেরপুর বাজারে মাছের ব্যবসা করতো। মঙ্গলবার দুপুরে লাশ সনাক্ত করে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

