ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় নজরুল ইসলাম (৬০) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। সোমবার রাত আটটার দিকে উপজেলার পৌর এলাকার মরাখলা নতুন বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নজরুল ইসলাম উপজেলার শিমরাইল তালতলা গ্রামের মৃত নূর মোহাম্মদ মৌলভীর ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নজরুল ইসলাম মরাখলা নতুন বাসস্ট্যান্ড এলাকায় রাস্তা পার হচ্ছিলেন। এ সময় ঈশ্বরগঞ্জ থেকে ময়মনসিংহগামী পুরোনো মবিলের ড্রাম বোঝাই একটি ব্যাটারিচালিত অটোরিকশা তাঁকে ধাক্কা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার পর অটোরিকশাটি দ্রুত চলে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় লোকজন ধাওয়া করে উপজেলার সীমান্তবর্তী রহমতগঞ্জ এলাকা থেকে অটোরিকশাটি আটক করে। পরে চালকসহ অটোরিকশাটি পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আটক চালক হৃদয় হাসান (২২) ময়মনসিংহ সদর উপজেলার শম্ভুগঞ্জ এলাকার বাসিন্দা। তিনি আলম মিয়ার ছেলে। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, নজরুল ইসলাম দীর্ঘদিন ধরে নানা আর্থিক সংকটের মধ্যে জীবনযাপন করছিলেন। একসময় তিনি নিজেও ব্যাটারিচালিত অটোরিকশা চালাতেন। বর্তমানে মরাখলা নতুন বাসস্ট্যান্ড এলাকার বাবুল মিয়ার ‘আল মোবারক চিড়ার মিল’-এ শ্রমিক হিসেবে কাজ করতেন।
পারিবারিক সূত্র জানায়, নজরুল ইসলামের পরিবারে স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে। তাঁদের মধ্যে চার বছর বয়সী এক মেয়ে শারীরিক প্রতিবন্ধী। পরিবারের প্রধান উপার্জনক্ষম ব্যক্তির মৃত্যুতে পরিবারটি এখন অনিশ্চয়তার মুখে পড়েছে।
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, দুর্ঘটনায় জড়িত অটোরিকশাটি চালকসহ থানায় রয়েছে। নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান।

