ঢাকাMonday , 8 June 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

অনিশ্চয়তায় ৫০০ হেক্টর জমির কৃষক: বিলে জলাবদ্ধতায় স্থবির আমন চাষ

Link Copied!

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার কঞ্চিবাড়ী ও চন্ডিপুর ইউনিয়নের মধ্যবর্তী পান্তা পাড়া বিলে দীর্ঘদিন ধরে পানি নিষ্কাশন ব্যবস্থা বন্ধ থাকায় চরম জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ফলে চলতি আমন মৌসুমে প্রায় ৫০০ হেক্টর কৃষিজমিতে চাষাবাদ অনিশ্চয়তার মুখে পড়েছে। সময়মতো পানি নিষ্কাশন না হওয়ায় জমি প্রস্তুত করতে না পেরে হতাশা ও দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন শত শত কৃষক ও জমির মালিক। স্থানীয় কৃষক ও জমির মালিকদের সঙ্গে কথা বলে জানা যায়, বর্ষা মৌসুমে বিলের জমিতে জমে থাকা পানি নির্ধারিত সময়ে বের হতে না পারায় কৃষিকাজ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। প্রতিবছর এই বিলে ব্যাপক পরিসরে আমন ধানের আবাদ হলেও চলতি মৌসুমে জলাবদ্ধতার কারণে অধিকাংশ জমি অনাবাদি থেকে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে সমস্যাটি বিদ্যমান থাকলেও কার্যকর কোনো স্থায়ী সমাধান হয়নি। তারা কঞ্চিবাড়ী ইউনিয়ন পরিষদসহ বিভিন্ন সরকারি দপ্তরে একাধিকবার অভিযোগ করলেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো অগ্রগতি দেখতে পাননি। এ বিষয়ে কঞ্চিবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনোয়ারুল ইসলাম বলেন, আমি আন্তরিকভাবে সমস্যার সমাধানের চেষ্টা করেছি। আমার উদ্যোগে ড্রেনেজ সিস্টেমের মাধ্যমে বিলের পানি নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। তবে স্থানীয় এক জমির মালিকের বাধার কারণে সেই উদ্যোগ সফল হয়নি। বিষয়টি সমাধানে আমরা এখনো চেষ্টা চালিয়ে যাচ্ছি। স্থানীয় সচেতন মহল মনে করছে, সংশ্লিষ্ট সকল পক্ষের সমন্বয়ে দ্রুত সমস্যার সমাধান না হলে শুধু কৃষকরাই নয়, পুরো অঞ্চলের কৃষি উৎপাদন ব্যবস্থাই ক্ষতিগ্রস্ত হবে। এতে কৃষকদের আর্থিক ক্ষতির পাশাপাশি স্থানীয় অর্থনীতিতেও বিরূপ প্রভাব পড়বে। এলাকাবাসীর দাবি, প্রশাসন, কৃষি বিভাগ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত হস্তক্ষেপ করে বিলের পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা গ্রহণ করুক, যাতে কৃষকরা সময়মতো আমন চাষ করতে পারেন এবং সম্ভাব্য ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পায়। স্থানীয় কৃষকদের ভাষায়, পান্তা পাড়া বিলের পানি দ্রুত নামানো না গেলে এবারের আমন মৌসুম আমাদের জন্য বড় ধরনের ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে।