মাদারীপুর পৌর শহরের শকুনি লেকের সৌন্দর্য বৃদ্ধি ও পরিবেশ রক্ষায় অবৈধ দোকানপাট ও অস্থায়ী স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন ও পৌরসভা। শনিবার (৬ জুন) বেলা এগারোটা থেকে দুপুর পর্যন্ত জেলা প্রশাসক মর্জিনা আক্তারের নেতৃত্বে জেলা প্রশাসন ও মাদারীপুর পৌরসভার যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। জানাযায়, শকুনি লেকের চারপাশে অবৈধভাবে গড়ে ওঠা বিভিন্ন অস্থায়ী দোকান ও স্থাপনায় ফাস্টফুডসহ নানা ধরনের খাবার বিক্রি করা হচ্ছিল। এসব দোকান থেকে সৃষ্ট বর্জ্যের কারণে লেকের পরিবেশ ও পানির গুণগত মান ক্ষতিগ্রস্ত হচ্ছিল। যার ফলে মশা মাছির উৎপত্তি হচ্ছে। পাশাপাশি লেকের সৌন্দর্য দেখতে আসা দর্শনার্থীরাও নানা ভোগান্তির মুখে পড়ছিলেন। এ অবস্থায় লেকের সৌন্দর্য ও পরিবেশ সংরক্ষণের স্বার্থে অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করে সেখান থেকে জব্দকৃত মালামাল মাদারীপুর পৌরসভার কাছে হস্তান্তর করা হয়। জব্দকৃত মালামাল পৌরসভার তত্ত্বাবধানে সংরক্ষণ করা হবে। মাদারীপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্লাত হোসেন বলেন, শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন ও দৃষ্টিনন্দন রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। তবে জব্দকৃত মালামালের মালিকরা প্রয়োজনীয় মুচলেকা প্রদান করে সেগুলো ফেরত নিতে পারবেন। জেলা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও দর্শনার্থীরা। তাদের আশা, নিয়মিত তদারকির মাধ্যমে শকুনি লেকের পরিবেশ ও সৌন্দর্য দীর্ঘমেয়াদে সংরক্ষিত থাকবে।

