রাজশাহী প্রতিনিধি: রাজশাহী জেলা জাতীয় পার্টির (জাপা) তৃণমূল নেতাকর্মীরা গণপদত্যাগের হুমকি দিয়েছেন। জেলা কমিটির বির্তকিত ও নিষ্ক্রিয় নেতাদের বহিষ্কারের দাবিতে আয়োজিত সংবাদ সম্মেলন থেকে এ হুমকি দেন তারা।
রোববার দুপুরে জেলা জাতীয় পার্টির অস্থায়ি কার্যালয়ে ওই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এতে লিখিত বক্তব্য পাঠ করেন, জেলার সিনিয়র সহসভাপতি নূরুল ইসলাম মাস্টার। তিনি বলেন, ৬ এপ্রিল জেলার নেতাদের সঙ্গে পরিচিতি সভা করবেন পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। কেন্দ্রীয় কার্যালয়ে ওই সভায় অংশ নিতে জেলার শীর্ষ নেতাদের চিঠি পাঠানো হয়েছে। কিন্তু সক্রিয়া নেতারা ডাক না পেয়ে বিতর্কিত ও দলছুট কয়েকজন নেতা ওই চিঠি পেয়েছেন। এতে ক্ষুদ্ধ হয়ে উঠেছেন তৃণমূলের নেতাকর্মীরা।
এরই প্রতিবাদ জানিয়ে জেলার নয় উপজেলা, ১৩ পৌর সভা, ৭২ ইউনিয়ন জাতীয় পার্টি ও এর অঙ্গ সংগঠনের ৩০ হাজার নেতাকর্মী গণপদত্যাগের হুমকি দিয়েছেন। প্রয়োজনে তারা আন্দোলনেও যাবেন।
জেলার সিনিয়র সহসভাপতি আরো বলেন, জেলা জাতীয় পার্টির যুগ্ম সম্পাদক আব্দুর রাজ্জাক ও সাংগঠনিক সম্পাদক শামসুদ্দিন রেন্টু দলে বিভাজন সৃষ্টি করতে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছেন। ক্ষমতাসীন আওয়ামী লীগের সঙ্গেও যোগসাজস করে চলছেন তারা। এদের মধ্যে শামসুদ্দিন রেন্টু বাঘা উপজেলায় উন্নয়ন কর্মকাণ্ডের বরাদ্দ থেকে মোটা অংকের অর্থ আত্মসাৎ করেছেন। এ ঘটনার প্রতিবাদ জানিয়ে দল ত্যাগ করে আওয়ামী লীগে যোগদান করেছেন সেখানকার ২০০ নেতাকর্মী। আব্দুর রাজ্জাকের বিরুদ্ধেও একই অভিযোগ উঠেছে। এরই প্রেক্ষিতে গত ১৫ জানুয়ারি দলের বর্ধিত সভায় তাদের বহিষ্কারের দাবি উঠে। কিন্তু দল বাঁচাতে ওই দুই নেতাকে সতর্ক করেন সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন বাচ্চু।
সংবাদ সম্মেলনে দাবি করা হয়, দলে ভাঙন ধরাতে এ দুই নেতা ছাড়াও বেশকিছু ষড়যন্ত্রকারী সক্রিয় রয়েছে। তাদের সঙ্গে যোগসাজস রয়েছে কেন্দ্রীয় কয়েকজন নেতার। তাদের সহায়তায় অগণতান্ত্রিক উপায়ে চক্রান্তকারীদের নেতৃত্বে নিয়ে আসার চেষ্টা চলছে। নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে এ চক্রান্ত প্রতিহত করবে বলে উল্লেখ করা হয় সংবাদ সম্মেলনে। একই সঙ্গে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ারও দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- জেলার সহসভাপতি মনোয়ার হোসেন মামুন, ফরমান আলী, অধ্যাপক আমিনুল ইসলাম, নূরুল ইসলাম মস্তান, শামসুদ্দিন মণ্ডল, যুগ্ম সম্পাদক আাব্দুল গাফ্ফার, দপ্তর সম্পাদক মাইনুল ইসলাম, প্রচার সম্পাদক সরদার জুয়েল প্রমুখ। এসময় জাতীয় পার্টি ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ে নেতারা উপস্থিত ছিলেন।

