মেহেরপুর জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের উদ্যোগে উদ্ধারকৃত হারানো ৮২টি মোবাইল ফোন এবং অনলাইনে প্রতারণার মাধ্যমে আত্মসাৎ করা নগদ ১৩ লাখ ৭২ হাজার টাকা প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) দুপুরে দিকে মেহেরপুর পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে উদ্ধারকৃত মোবাইল ফোন ও নগদ অর্থ ভুক্তভোগীদের হাতে তুলে দেন মেহেরপুরের পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়। চলতি বছরের এপ্রিল মাসে এ জেলার তিনটি থানায় দায়ের হওয়া সাধারণ ডায়েরির ভিত্তিতে সর্বমোট ৮২টি হারানো মোবাইল ফোন উদ্ধার করা হয়। একই সঙ্গে প্রতারণা ও ভুলবশত অন্য নম্বরে চলে যাওয়া বিকাশ ও নগদের মোট ৪৯ হাজার টাকা উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে ফেরত দেওয়া হয়েছে। এছাড়া একই সময়ে জেলার বিভিন্ন থানার পাঁচটি প্রতারণার মামলায় মোট ১৩ লাখ ২৩ হাজার টাকা উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে। এদিকে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল ১৮টি ফেসবুক আইডি ও ৯টি হোয়াটসঅ্যাপ আইডি পুনরুদ্ধার করেছে। ছাড়া, নিখোঁজ ব্যক্তি উদ্ধারে সহায়তা করে দুইজন ভিকটিমকে উদ্ধার করা হয়েছে। মেহেরপুর সদর থানা ৩৭টি, গাংনী থানা ২৯টি এবং মুজিবনগর থানায় ১৬টি মোবাইল ফোন উদ্ধার করা করে। এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) মোহাম্মদ আতিকুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. জামিনুর রহমান খান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. মেহেদি হাসান দিপু, ডিবির ওসি মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরীসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা। এ সময় পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায় বলেন, তথ্য-প্রযুক্তির এই যুগে অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও সাইবার স্পেসের বাইরে কেউ নয়। তাই ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করতে মোবাইল ফোন ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সবাইকে আরও সচেতন হতে হবে। তিনি পুরাতন মোবাইল ফোন কেনার ক্ষেত্রে মোবাইলের বক্স ও ক্যাশ মেমো সংগ্রহের পরামর্শ দেন। পাশাপাশি বিকাশ, নগদসহ বিভিন্ন মোবাইল ব্যাংকিং সেবার ওটিপি কারও সঙ্গে শেয়ার না করার আহ্বান জানান। অনলাইনে কোনো পণ্য কেনার আগে অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নেওয়ারও পরামর্শ দেন তিনি। পুলিশ সুপার আরও জানান, সাইবার অপরাধ প্রতিরোধে জেলা পুলিশের এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। একটি নিরাপদ ও শৃঙ্খলাবদ্ধ সমাজ গঠনে অপরাধ সংক্রান্ত যেকোনো তথ্য স্থানীয় পুলিশকে জানানোর জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।

