নিজস্ব পপ্রতিবেদক: রাজধানীর গেণ্ডারিয়ায় নিজ বাসায় সানি সরকার (৪৫) নামের এক ব্যক্তিকে গলা কেটে হত্যা করা হয়েছে। কারা তাকে হত্যা করেছে এ ব্যাপারে কিছু জানা যায়নি। তবে ঘটনার পর থেকেই বাসার পরিচালক নিখোঁজ রয়েছে।
রোববার দুপুর সাড়ে ১২টার দিকে ১৪/১ আলমগঞ্জ মিল ব্যারাকের একটি বাসার দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে।
গেণ্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ সহিদ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘কে বা কারা কী উদ্দেশে তাকে হত্যা করেছে তা জানা যায়নি।’
নিহতের বড়বোন ইয়াসমিন জানান, তিনি দুপুরে তার ভাইয়ের বাসায় গেলে তাকে রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখেন। এসময় সানি ইশারায় জানান- তাকে গলায় ও পেট ছুরিকাঘাত করে ফেলে রাখা হয়েছে। এসময় গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সানিকে মৃত ঘোষণা করেন।
ইয়াসমিন জানিয়েছেন, সানি সরকারের স্ত্রী কণা একটি এনজিওতে চাকরি করেন। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
প্রতিবেশীদের বরাত দিয়ে ইয়াসমিন আরো জানান, ঘটনার পরপরই ওই বাসার কাজের ছেলে জুম্মনকে স্থানীয় লোকজন পালিয়ে যেতে দেখেছে।
আরো জানা গেছে, সানি এক সময় পৈত্রিক চালের ব্যবসা পরিচালনা করতেন। বেশ কিছুদিন ধরে তিনি ব্যবসা ছেড়ে দিয়ে বেকার জীবন যাপন করছিলেন।

