মেহেরপুরের গাংনী উপজেলার তেঁতুলবাড়িয়া গ্রামে সানোয়ার হোসেন নামে এক ব্যক্তির বাড়ির দরজার সামনে বোমা সদৃশ বস্তু রেখে গেছে দুর্বৃত্তরা। বুধবার (৬ মে) সকালে উপজেলার তেঁতুলবাড়িয়া গ্রামের হাজীপাড়া এলাকায় সানোয়ার হোসেন পলাশের বাড়ির প্রধান দরজার সামনে কালো টেপে মোড়ানো বোমা সাদৃশ্য বস্তুটি দেখতে পান পরিবারের সদস্যরা। কৌটার গায়ে লেখা ছিল- “হাত দিলে ব্লাস্ট, ভালো থাকিস, বাই বাই।” সানোয়ার হোসেন পলাশ ওই এলাকার মৃত আনারুল ইসলামের ছেলে এবং পেশায় স্যালো ইঞ্জিন চালিত স্টিয়ারিং গাড়ির চালক। বস্তুটি দেখে তিনি দ্রুত পুলিশকে খবর দিলে গাংনী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বোমা সদৃশ বস্তুটি উদ্ধার করে নিরাপত্তার স্বার্থে পানিভর্তি বালতিতে সংরক্ষণ করে। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস বিষয়টি নিশ্চিত করে জানান, বস্তুটি পরীক্ষা-নিরীক্ষা করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এদিকে গাংনী উপজেলার বিভিন্ন এলাকায় বোমা উদ্ধার, ছিনতাই,ইঞ্জিনচালিত ভ্যান ও মোটরসাইকেল চুরির ঘটনায় উদ্বেগ বাড়ছে। এখন পর্যন্ত এই চক্রকে সনাক্ত, চুরি হওয়া ভ্যান ও মোটরসাইকেল উদ্ধার করতে পারেনি পুলিশ। এ নিয়ে সাধারণ জনগণের মধ্যে আতংক বাড়ছে।

