ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ইউনিয়নে গলায় ফাঁস দেওয়া অবস্থায় মোস্তফা ইসলাম নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার গড়েয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের আরাজি ঢাংগি পুকুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মোস্তফা ইসলাম ওই এলাকার মৃত মোতালেবের ছেলে। স্থানীয়দের কাছে তিনি ‘মসতু’ নামে পরিচিত ছিলেন। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার রাতের কোনো এক সময় নিজের বাড়ির পাশের একটি মেহগনি গাছে গলায় ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় মোস্তফাকে দেখতে পান প্রতিবেশীরা। পরে বিষয়টি দ্রুত ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। তবে কী কারণে তিনি আত্মহত্যা করেছেন, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য জানা যায়নি। পরিবারের পক্ষ থেকেও এ বিষয়ে কিছু জানানো সম্ভব হয়নি। এ বিষয়ে ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন জানান, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

