ঢাকাSunday , 3 May 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সুন্দরবনে বনদস্যুদের বিরুদ্ধে কঠোর অবস্থানে কোস্ট গার্ড

Link Copied!

সুন্দরবন অঞ্চলে সক্রিয় বনদস্যুদের দমনে যৌথ অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। “অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন” ও “অপারেশন ম্যানগ্রোভ শিল্ড” নামে পরিচালিত বিশেষ অভিযানের অংশ হিসেবে রোববার (৩ মে) সুন্দরবন সংলগ্ন এলাকায় যৌথ টহল জোরদার করা হয়। রোববার বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর প্রত্যক্ষ নির্দেশনায় সুন্দরবন এলাকায় সক্রিয় সকল বনদস্যুর বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে কোস্ট গার্ড। এ লক্ষ্যে কোস্ট গার্ডের নেতৃত্বে নৌবাহিনী, পুলিশ ও র‌্যাবের সমন্বয়ে যৌথ অভিযান ও টহল কার্যক্রম পরিচালিত হচ্ছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, সুন্দরবনের ওপর নির্ভরশীল জেলে ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে বনদস্যুতা বিষয়ে জনসচেতনতা বাড়াতে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি তাদের নিরাপত্তা নিশ্চিত করতে সুন্দরবনের ভেতরে ও আশপাশের নদী ও খালে সার্বক্ষণিক নজরদারি ও টহল জোরদার করা হয়েছে। এর ফলে ওই এলাকায় বনদস্যুতা আগের তুলনায় উল্লেখযোগ্যভাবে কমে এসেছে। কোস্ট গার্ড জানায়, গত এক বছরে নিয়মিত অভিযানে করিম শরীফ, নানা ভাই, ছোট সুমন, আলিফ, দুলাভাই ও আসাবুর বাহিনীসহ বিভিন্ন দস্যু চক্রের ৪০ জন সক্রিয় সদস্যকে আটক করা হয়েছে। এ সময় ৪৩টি দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র, ১০ রাউন্ড তাজা গোলা, ১৮৬ রাউন্ড তাজা কার্তুজ, ২৯৯ রাউন্ড ফাঁকা কার্তুজ ও দুটি হাতবোমাসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। একই সঙ্গে ডাকাত বাহিনীর কয়েকটি আস্তানা শনাক্ত করে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এছাড়া অভিযানে ৩৭ জন জেলে, দুইজন পর্যটক ও একজন রিসোর্ট মালিককে উদ্ধার করে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, “সুন্দরবনকে সম্পূর্ণরূপে দস্যুমুক্ত করতে ভবিষ্যতেও এ ধরনের যৌথ অভিযান অব্যাহত থাকবে।”