ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারবাড়ি ইউনিয়নে অটোচালকে অপহরণ করে অটো ছিনতাই করা হয়েছে। এ ঘটনায় পুরো এলাকাজুড়ে আতঙ্ক সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী অটোচালকের নাম ইজাজুল ইসলাম। সে সহিলাটি গ্রামের হায়দার আলীর ছেলে। প্রতিদিনের মতোই শনিবার দুপুর আনুমানিক ২টার দিকে আঠারবাড়ি থেকে চৌরাস্তা রুটে অটো নিয়ে বের হন। চৌরাস্তায় অপেক্ষারত অবস্থায় হঠাৎ দুই জন যাত্রী এসে আঠারবাড়ি যাওয়ার কথা বলে। ভাড়া নির্ধারণ করা হয় ২০ টাকা, কিন্তু তারা অস্বাভাবিকভাবে ৮০ টাকা দেওয়ার প্রস্তাব দেয়। শর্ত ছিল, পথে অন্য যাত্রী পেলে নিতে পারবে, না পেলে সরাসরি যেতে হবে। তার অটোর ফুল ভাড়া পাবে আশায় ইজাজুল তাদের নিয়ে রওনা দেয়। কিন্তু বাঁশাটি বাজার পার হয়ে ফুলবাড়িয়ার আগে একটি নির্জন স্থানে পৌঁছালে ঘটনা মোড় নেয় অন্যদিকে। ওই জায়গায় একটি মাইক্রোবাস দাঁড়িয়ে ছিল। অটোটি কাছে যেতেই হঠাৎ মাইক্রোর দরজা খুলে কয়েকজন ব্যক্তি বের হয়ে নিজেদেরকে প্রশাসনের লোক হিসেবে পরিচয় দেয়। মুহূর্তের মধ্যেই তারা ইজাজুলকে হ্যান্ডকাপ পরিয়ে মারধর শুরু করে এবং ‘অবৈধ ব্যবসা’র মিথ্যা অভিযোগ তোলে। পরিস্থিতি এতোটাই আকস্মিক ও ভয়ংকর ছিল যে, ইজাজুল কিছু বুঝে ওঠার আগেই তাকে জোরপূর্বক মাইক্রোবাসে তুলে নেয়া হয়। এদিকে যাত্রী সেজে আসা দুই ব্যক্তি(যাত্রী) অটোটি নিয়ে দ্রুত পালিয়ে যায়। অসহায় ইজাজুলকে পরে কিশোরগঞ্জের একটি নির্জন সড়কের পাশে ফেলে রেখে পালিয়ে যায় দুর্বৃত্তরা। আহত ও মানসিকভাবে বিপর্যস্ত অবস্থায় তিনি কোনোভাবে প্রাণে বেঁচে ফিরেন, কিন্তু তিনি হারান তার জীববকার একমাত্র সম্বল। কান্নাজড়িত কণ্ঠে ইজাজুল বলেন, “আমি খুব গরিব মানুষ। এই অটোটি আমি কিস্তিতে কিনেছি। প্রতি মাসে ১৩ হাজার টাকা কিস্তি চালাতে হয় আর বাকি টাকা দিয়ে আমার সংসার চলে। সাড়ে তিন লক্ষ টাকায় অটো কিনেছিলাম। এটা ছিল আমার সংসারের একমাত্র ভরসা। এখন আমি কীভাবে চলবো? আমার তো বাঁচার আর কোনো অবলম্বন নেই”। স্থানীয় বাসিন্দা মিজানুর রহমান বলেন, “এমন ঘটনা আগে কখনো দেখি নি। দিনের আলোতে এভাবে ডাকাতি হলে আমরা সাধারণ মানুষ কোথায় নিরাপদ? এই ছেলেটা এখন সব হারিয়ে দিশেহারা।” এ ঘটনার পর এলাকাবাসীর মধ্যেও চরম আতঙ্ক বিরাজ করছে। তারা দ্রুত অপরাধীদের গ্রেপ্তার ও দ্রুত অটো উদ্ধারের জন্য প্রশাসনের নিকট জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার ওসি রবিউল আজমের কাছে জানতে চাইলে তিনি বলেন, “এখন পর্যন্ত এ বিষয়ে কোনো অভিযোগ পাই নি। অভিযোগ পেলে আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

