মেহেরপুরের মুজিবনগর উপজেলায় সুফিয়া খাতুন নামের ৬০ বছর বয়সী এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে। দুর্বৃত্তরা তাকে হত্যা করে ঘরের আড়ায় ঝুলিয়ে রেখেছে বলে জানিয়েছে পরিবার। সোমবার বিকেল ৩টার দিকে উপজেলার টুঙ্গি গোপালপুর গ্রামে নিজ বাড়ি থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত সুফিয়া খাতুন ওই গ্রামের খেদের আলীর স্ত্রী। পরিবারের সদস্যরা জানান, জমিজমা সংক্রান্ত বিরোধ ছিল খেদের আলীর ভাই আখের আলীর সঙ্গে। সেই বিরোধের জের ধরেই এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে তাদের ধারণা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মুজিবনগর থানা পুলিশ মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল ইসলাম জানান, ঘটনার তদন্ত চলছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

