ঢাকাMonday , 13 April 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সংসদে ঝড় উঠলে শিক্ষার সমস্যাগুলো সরকার আমলে নেবে: শিক্ষামন্ত্রী

Link Copied!

শিক্ষা মন্ত্রণালয়কে স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে পরিচালনা করতে সংসদ সদস্য ও সংশ্লিষ্টদের সমালোচনার মুখোমুখি হতেও কোনো আপত্তি নেই বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক। তিনি বলেন, আমি চাই সংসদে এমপিরা প্রতিনিয়ত শিক্ষাসংক্রান্ত নোটিশ করুক। জবাবদিহিতার জন্য আমি কাঠগড়ায় দাঁড়াতেও বদ্ধপরিকর। সংসদে ঝড় উঠলে শিক্ষার সমস্যাগুলো সরকার আমলে নেবে, যা ছাত্র-শিক্ষক সবার জন্যই মঙ্গলজনক।

সোমবার (১৩ এপ্রিল) দুপুরে যশোর শিক্ষা বোর্ড আয়োজিত এসএসসি ও সমমান পরীক্ষা ২০২৬-এর কেন্দ্র সচিবদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এমপি বলেছেন, এক মুরগি তিনবার জবাই করা যাবে না। শিক্ষাক্ষেত্রে একবারই রেজিস্ট্রেশন করতে হবে। এক ক্লাস থেকে অন্য ক্লাসে উঠতে নতুন করে ভর্তির বিষয়টি গুরুত্ব সহকারে দেখতে শিক্ষা সংশ্লিষ্টদের প্রতি নির্দেশ দিয়েছেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, আগামীর বাংলাদেশ গড়তে শিক্ষার কোনো বিকল্প নেই। সে কারণে প্রধানমন্ত্রী শিক্ষার প্রতি বিশেষ গুরুত্ব দিয়েছেন। তিনি বলেন, আমাকে নিয়ে অনেকেই নানাভাবে ট্রল করছে, আমি এটি এনজয় করছি।

পরীক্ষায় নকলের বিষয় উল্লেখ করে তিনি বলেন, করোনার ভেরিয়েন্টের মতো এখন নকলেরও নানা ভেরিয়েন্ট হয়েছে; ডিজিটাল নকল। ছেলেমেয়েরা যদি নকল করতে চায়, সেটি তাদের দুর্বলতা নয়- বরং এটি শিক্ষকদের দুর্বলতা। কেন বাচ্চারা নকল করতে চাইছে, সেটি খুঁজে বের করে আমাদের সমাধানের দিকে যেতে হবে।

যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মোসাম্মৎ আসমা বেগমের সভাপতিত্বে মতবিনিময়সভায় সম্মানিত অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান শিক্ষাবিদ অধ্যাপক নার্গিস বেগম, কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী রুহুল আমিন, মাদরাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মিয়া নুরুল হক।