নিজস্ব প্রতিবেদক: সিটি নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি এবং নাশকতাকারীদের ধরতে সাঁড়াশি অভিযান চালানোর আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ এমপি।
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর শিল্পকলা একাডেমিতে এক আলোচনায় সভায় তিনি এ কথা বলেন। প্রয়াত মেয়র মো. হানিফের ৭১তম জন্মবার্ষিকী উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট।
হাছান বলেন, ‘লেভেল ফিল্ড তৈরির জন্য গত তিন মাসের হরতাল-অবরোধে যারা অগ্নিসংযোগ করেছে, ককটেল-পেট্রোল বোমা মেরেছে, তাদের ধরতে সাঁড়াশি অভিযান পরিচালনা করতে হবে। একই সঙ্গে এসব কর্মকাণ্ডে অর্থযোগান দাতাদেরও আইনের আওতায় আনতে হবে। যাতে তারা সন্ত্রাসী কর্মকাণ্ডঅব্যাহত না রাখতে পারে।’
তিনি বলেন, ‘বিএনপি নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড চায়। আমিও বলি লেভেল প্লেয়িং ফিল্ড দরকার। তবে সমান পরিবেশের নামে নির্বাচন কমিশন বা আইনশৃঙ্খলা বাহিনী ঢাকায় সন্ত্রাসীদের জড়ো হতে সুযোগ দিতে পারে না।’
প্রয়াত মেয়র হানিফের স্মৃতিচারণ করে হাছান মাহমুদ বলেন, ‘ঢাকাবাসীর সামনে সুযোগ এসেছে, হানিফ ভাইয়ের ঋণ শোধের।’
অনুষ্ঠানের অতিথি খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, ‘অভিজাত ব্যক্তি হলে আইন ভিন্ন দৃষ্টিতে দেখবে, এটা ভাবার কোনো সুযোগ নেই। আইনের দৃষ্টিতে একজন সাধারণ কর্মীর মত সবাই সমান। ভালো মানুষকে আইন ছুঁবে না, দুষ্ট লোকদের ছাড়বেও না। কেউ সন্ত্রাসীদের ঢাকায় জড়ো করবে আর পুলিশ আঙ্গুল চুষবে? এরকম কোনো সুযোগ দেয়া হবে না।’
তিনি বলেন, ‘লেভেল প্লেয়িং ফিল্ড হবে। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যেরকম পরিবেশ দরকার, সেরকম সুষ্ঠু পরিবেশেই নির্বাচন হবে। কিন্তু পেট্রোল বোমার আসামিরা অবাধে বিচরণ করবে, এটা লেভেল প্লেয়িং ফিল্ড হতে পারে না। তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।’
তিনি বলেন, ‘বিএনপির অফিসে ভয়ে কেউ যায় না। আপনারা (বিএনপি) বসতে চাইলে যান, সরকারের পক্ষ থেকে কোনো রকম বাধা দেওয়া হবে না।’
সংগঠনের সহ-সভাপতি ড. ইনামুল হকের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, সদস্য সুজিত রায় নন্দি, আওয়ামী লীগের উপ-কমিটির সহ-সম্পাদক বলরাম পোদ্দার, শিক্ষক নেতা শাহজাহান সাজু, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা প্রমুখ।

