সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত জোনাব বাহিনীর হাতে জিম্মি থাকা হাত-পা বাধা জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড। কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, সুন্দবনের দুর্ধর্ষ ডাকাত জোনাব বাহিনী সুন্দরবনের খড়কুড়িয়া খাল সংলগ্ন এলাকায় অবস্থান করছে। প্রাপ্ত এমন তথ্যের ভিত্তিতে, মঙ্গলবার মধ্যরাত ২টায় কোস্ট গার্ড সদস্যরা সেখানে একটি বিশেষ অভিযান চালায়। এ সময় অভিযানকারীরা ওই এলাকা থেকে ডাকাতদের কাছে জিম্মি থাকা ১ জেলেকে উদ্ধার করে। এ সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা জিম্মিকে ফেলে রেখে বনের গহীনে পালিয়ে যাওয়ায় কেউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধারকৃত জেলে মজিবর গাজী খুলনা জেলার কয়রা থানার বাসিন্দা। মজিবর গাজী শনিবার সুন্দরবনে কাকড়া ধরে যায়। এরপর রবিবার সকালে তাকে অপহরণ করে ২০ হাজার টাকা মুক্তিপণের দাবীতে জিম্মি করে রাখে বনদস্যু জোনাব বাহিনী। পরে খবর পেয়ে মঙ্গলবার কোস্ট গার্ড সদস্যরা জিম্মি মজিবরকে তার নৌকা থেকে হাত-পা বাধা অবস্থায় উদ্ধার করে কোস্ট গার্ড। উদ্ধারকৃত জেলেকে তার পরিবারের নিকট হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। তিনি আরও বলেন, সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে। উল্লেখ্য, এর আগে গত ১৭ মার্চ সুন্দরবনের শিবসা নদী সংলগ্ন কালিরখাল থেকে ৬ জিম্মিকে উদ্ধার করে কোস্ট গার্ড। মুক্তিপণের জন্য তাদেরকে অপহরণ করেছিল বনদস্যু নানা বাহিনী।

