সীমান্তে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)’র চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি জব্দ করা হয়েছে। সোমবার (৩০ মার্চ) লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)’র এক প্রেস বিজ্ঞপ্তিতে এমনটি জানিয়েছেন। লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চলমান গোয়েন্দা তথ্যভিত্তিক চোরাচালান বিরোধী অভিযানের অংশ হিসেবে রামখানা ও অনন্তপুর বিওপির ২টি বিশেষ টহলদল অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণে ভারতীয় শাড়ি এবং প্যান্টের পিছ জব্দ করেছে। বিশ্বস্ত গোয়েন্দা সূত্রে বিজিবি জানতে পারে যে, চোরাকারবারীরা ভারতীয় শাড়ির একটি বড় চালান সীমান্ত দিয়ে পাচার করবে। উক্ত তথ্যের ভিত্তিতে রোববার (২৯ মার্চ) সকাল আনুমানিক ১০টা ৩০মিনিটে রামখানা বিওপি এবং সকাল ১১টায় অনন্তপুর বিওপির বিশেষ টহলদল কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানার পশ্চিম রামখানা, নাগরাজ এলাকায় পৃথক ২টি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযান চলাকালীন টহল দলের সদস্যরা কতিপয় সন্দেহজনক ব্যক্তিদের আসতে দেখে তাদের গতিবিধি লক্ষ্য করে ধাওয়া করলে চোরাকারবারীরা তাদের সাথে থাকা মালামাল ফেলে দৌড়ে সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে চলে যায়। পরবর্তীতে ঘটনাস্থলে তল্লাশী করে ভারতীয় স্বর্ণকাতান শাড়ি ১শত ৬৭টি, সিল্ক শাড়ি ৭৬টি এবং প্যান্টের পিছ ৩ থান জব্দ করতে সক্ষম হয়। লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর অধিনায়কের পক্ষ থেকে জানানো হয়, জব্দকৃত ভারতীয় স্বর্ণকাতান শাড়ি ১শত ৬৭টি, যার সিজার মূল্য ১৬ লক্ষ ৭০ হাজার টাকা, সিল্ক শাড়ি ৭৬টি, যার সিজার মূল্য ৭ লক্ষ ৬০ হাজার টাকা এবং প্যান্টের পিছ ৩ থান, যার সিজার মূল্য ৩৬ হাজার টাকাসহ সর্বমোট ২৪ লক্ষ ৬৬ হাজার টাকা। এছাড়াও চোরাচালান চক্রের সাথে সংশ্লিষ্ট চোরাকারবারীদের তথ্য সংগ্রহ পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম পিএসসি বলেন, সীমান্ত সুরক্ষা, চোরাচালান দমন ও মানব পাচার প্রতিরোধে বিজিবি সব সময় আপসহীন। চোরাচালান মুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা সর্বদা সতর্ক ও দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। সীমান্তের স্পর্শকাতর এলাকাগুলোতে আমরা গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করেছি এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

