প্রতিবছরের মতো এবারও ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে মঙ্গলবার সকালে গাইবান্ধা জেলার বিভিন্ন উপজেলায় এর মধ্যে এদিন গাইবান্ধা সদরের ঘাঘট নদীর পাড়ে শুরু হয়েছে বারুণী মেলা। ভোর থেকেই মেলায় ভক্তদের ঢল নামে। বিভিন্ন এলাকা থেকে আগত হাজার হাজার মানুষ পুণ্যস্নান ও ধর্মীয় আচার পালনে অংশ নেন। বারুণী মেলা উপলক্ষে নির্ধারিত তিথিতে ভোর থেকে পুণ্যস্নান শুরু হয় এবং দিনভর তা চলতে থাকে। এ সময় ভক্তরা বিশ্বাস করেন, এই স্নানের মাধ্যমে পাপমুক্তি ও আত্মশুদ্ধি অর্জন সম্ভব। মেলাকে কেন্দ্র করে আশপাশের এলাকা জুড়ে বসেছে অস্থায়ী দোকানপাট। খেলনা, মিষ্টি, হস্তশিল্প, গ্রামীণ পণ্যসহ নানা সামগ্রীর পসরা সাজিয়ে বসেছেন ব্যবসায়ীরা। এতে করে মেলাটি শুধু ধর্মীয় নয়, গ্রামীণ অর্থনীতিরও একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে গড়ে উঠেছে। মেলায় আগত ভক্তরা জানান, “প্রতি বছরই আমরা এখানে আসি। এটি আমাদের জন্য শুধু ধর্মীয় অনুষ্ঠান নয়, একটি ঐতিহ্য।” মেলা প্রাঙ্গণে ধর্মীয় সংগীত, কীর্তন ও নানা আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে উৎসবের আমেজ বিরাজ করছে। বিশেষ করে সন্ধ্যার পর ভক্তিমূলক পরিবেশ আরও জমে ওঠে। প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছাড়াও স্বেচ্ছাসেবক দল মেলায় শৃঙ্খলা বজায় রাখতে কাজ করছে। উল্লেখ্য, বারুণী মেলা দীর্ঘদিনের ঐতিহ্যবাহী একটি ধর্মীয় উৎসব, যেখানে প্রতিবছর লক্ষাধিক মানুষের সমাগম ঘটে।

