লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)’র চলমান মাদক বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় ইয়াবা ট্যাবলেট ও গাঁজা জব্দ করা হয়েছে। সোমবার (১৬ মার্চ) লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)’র এক প্রেস বিজ্ঞপ্তিতে এমনটি জানিয়েছেন। লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চলমান গোয়েন্দা তথ্য ভিত্তিক চোরাচালান ও মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে শিংঝাড় বিওপির বিশেষ টহলদল অভিযান পরিচালনা করে ভারতীয় ইয়াবা ট্যাবলেট ও গাঁজা জব্দ করেছে। বিশ্বস্ত গোয়েন্দা সূত্রে বিজিবি জানতে পারে যে, চোরাকারবারীরা সীমান্ত দিয়ে মাদক চোরাচালান করবে। উক্ত তথ্যানুযায়ী, রোববার (১৫ মার্চ) সকাল ১০টা ৩০মিনিটে শিংঝাড় বিওপির আওতাধীন কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানার দক্ষিণ শিংঝাড় নামক স্থানে বিজিবি’র টহলদল বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকালীন সন্দেহজনক ব্যক্তিতে আসতে দেখে টহলদল তাকে চ্যালেঞ্জ করলে উক্ত ব্যক্তি বহনকৃত মালামাল ফেলে দৌড়ে ভারতের দিকে পালিয়ে যায়। পরবর্তীতে উক্ত স্থানে তল্লাশি ভারতীয় ইয়াবা ট্যাবলেট ১০০পিছ ও গাঁজা ১০০গ্রাম জব্দ করা হয়। লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর অধিনায়কের পক্ষ থেকে জানানো হয়, জব্দকৃত ভারতীয় ইয়াবা ট্যাবলেট ১০০পিছ, যার সিজার মূল্য ৩০হাজার, গাঁজা ১০০গ্রাম, যার সিজার মূল্য ৩ শত ৫০ টাকাসহ সর্বমোট সিজার মূল্য ৩০ হাজার ৩ শত ৫০ টাকা। এছাড়াও মাদক চোরাচালান চক্রের সংশ্লিষ্ট চোরাকারবারীদের তথ্য সংগ্রহপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম পিএসসি বলেন, দেশের যুব সমাজকে মাদক মুক্ত রাখতে বিজিবি সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে। সীমান্তের স্পর্শকাতর এলাকাগুলো চিহ্নিত করে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। এই অভিযানে বিজিবির সাহসিকতা ও কৌশলগত দক্ষতা প্রশংসার দাবিদার, যা চোরাচালান ও মাদক মুক্ত বাংলাদেশ গড়ার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

