চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী এম মনজুর আলম মনোনয়ন পত্র দাখিল করেছেন।
এসময় বিএনপির কেন্দ্রীয় সহ সভাপতি আবদুল্লাহ আল নোমান, নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী ও চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের নেতারা উপস্থিত ছিলেন।
রোববার সকাল ৯টার দিকে নগরীর লাভ লেইনে নির্বাচন কার্যালয়ে রিটার্নিং অফিসারের হাতে মনোনয়ন পত্র জমা দেন মনজুর আলম।
অন্যান্যদের মধ্যে বিএনপির কেন্দ্রীয় নেতা এস এম ফজলুল হক ও মাহবুবুল হক শামীম, চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের সদস্য সচিব অ্যাডভোকেট এম ইউ নূরুল ইসলামসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মনোনয়ন পত্র দাখিল শেষে নেতাদের নিয়ে রিটার্নিং অফিসারের কার্যালয় ত্যাগ করেন এম মনজুর আলম।
এর আগে রিটার্নিং অফিসারকে আবদুল্লাহ আল নোমান বলেন, ‘পত্রপত্রিকায় দেখেছি হাছান মাহমুদ সাহেব বলেছেন, সরকারী দলের প্রার্থীকে ভোট না দিলে চট্টগ্রামের উন্নয়ন হবেনা। মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন সাহেব বলেছেন, আ জ ম নাছির উদ্দিনকে ভোট দিলে জলাবদ্ধতা থাকবেনা। এগুলো তো পরিপূর্ণ আচরণবিধির লঙ্ঘন।আমরা আপনাদের কাছে নিরপেক্ষ আচরণ প্রত্যাশা করি।’
এসময় এম মনজুর আলম বলেন, ‘পত্রিকায় দেখেছি, মহিউদ্দিন সাহেবও নানা প্রতিশ্রুতি দিচ্ছেন। অথচ আমরা স্বাধীনতা দিবসে নির্বাচনী অফিসে মিলাদ পড়িয়েছিলাম।আর সেটা নিয়ে অভিযোগ করা হচ্ছে।’
রিটার্নিং অফিসার আবদুল বাতেন বলেন, ‘আমরা নিরপেক্ষ থাকব। আপনারও আচরণবিধি মেনে চলবেন।’
মনোনয়ন পত্র জমাদান শেষে সাংবাদিকদেরকে আবদুল্লাহ আল নোমান বলেন, ‘নির্বাচন সুষ্ঠু হলে জনগণ বিপুল ভোটে আমাদের জয়ী করবে। আমরা চাই, নির্বাচন কমিশন সবার প্রতি সমান আচরণ করুক।’
আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘আমাদের প্রার্থীর বিরুদ্ধে একটা অভিযোগ দেয়া হয়েছে। তারা এর চেয়েও ২০ গুণ বেশি আচরণ বিধি লঙ্ঘন করছেন। আমরা চাই সব প্রার্থী যেন সমান সুযোগ পায়। কারও প্রতি যেন বিরূপ আচরণ করা না হয়।’
মেয়র প্রার্থী মনজুর আলম বলেন, ‘আমি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন চাই। আল্লাহ যাকে লিখে রেখেছেন তিনিই জয়ী হবেন। তবে সুষ্ঠু নির্বাচন হতে হবে।’
তফসিল অনুযায়ী চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের মনোনয়ন পত্র জমাদানের শেষ দিন ২৯ মার্চ রোববার। এজন্য রিটার্নিং অফিসারের কার্যালয়ে সকাল থেকেই প্রার্থী ও তাদের সমর্থকদের প্রচণ্ড ভিড় লক্ষ্য করা গেছে।
আগামী ২৮ এপ্রিল সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে।

