ঢাকাTuesday , 20 January 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে প্রার্থী বদল করেও ক্ষান্ত হয়নি কিছু গোষ্ঠী: ডা. খালিদ

Link Copied!

ঢাকা-১৭ আসনে নিজের ক্রমবর্ধমান জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি বিশেষ গোষ্ঠী প্রার্থী পরিবর্তন করেও ক্ষান্ত হয়নি বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ডা. এসএম খালিদুজ্জামান।
মঙ্গলবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বিএমডিসির অনুমোদনহীন ডিগ্রি সংক্রান্ত শোকজ নোটিশের বিষয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
ডা. খালিদ বলেন, ‘আমরা কখনোই অসৎ পথের আশ্রয় নিইনি, ভবিষ্যতেও নেব না ইনশাল্লাহ। একটি সুন্দর ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ার যে স্বপ্ন আমরা বাস্তবায়ন করতে চাই, তাতে কিছু বিশেষ গোষ্ঠী ধীরে ধীরে জনবিচ্ছিন্ন হয়ে পড়ছে। জনগণের সমর্থন হারিয়ে তারা আমার আকাশচুম্বী জনপ্রিয়তা দেখে প্রার্থী পরিবর্তন করেও ক্ষান্ত হয়নি। লোকলজ্জার ভয়ে আমাকে বিভিন্নভাবে বিতর্কিত করার অপচেষ্টা চালানো হচ্ছে।’
তিনি আরও বলেন, ‘আমি ডা. এসএম খালিদুজ্জামান, একজন বিএমডিসি স্বীকৃত চিকিৎসক। অথচ পরিকল্পিতভাবে গণমাধ্যমে এমনভাবে উপস্থাপন করা হচ্ছে যেন আমি একজন ভুয়া ডাক্তার। এটি অত্যন্ত দুঃখজনক ও উদ্দেশ্যপ্রণোদিত। একটি বিশেষ পরিকল্পনা বাস্তবায়নের জন্য প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। আমরা হারিয়ে যাইনি। সময়ের সঙ্গে সঙ্গে এসব অপপ্রচারের জবাব দেওয়া হবে এবং সত্য সামনে আসবে ইনশাল্লাহ।’
সাংবাদিক ও শিক্ষকদের নৈতিকতার বিষয়টি তুলে ধরে তিনি বলেন, ‘যদি সাংবাদিকতা ও শিক্ষাঙ্গন কোনো রাজনৈতিক দলের কাছে নৈতিকতা বন্ধক রাখে, তবে সেখানে আবারও স্বৈরাচারের জন্ম হবে। আমরা কখনো নিজের নৈতিকতা বিক্রি করব না।’
গণমাধ্যমের প্রতি আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে ডা. খালিদ বলেন, ‘কোনো অভিযোগ প্রকাশের আগে সংশ্লিষ্ট ব্যক্তির বক্তব্য নেওয়া উচিত। আমার কাছে বিশ্বের অন্তত ২০টি দেশের রোগী চিকিৎসা নিতে আসেন। আমি একদিনের ডাক্তার নই। এভারকেয়ারসহ বিভিন্ন প্রতিষ্ঠানে দীর্ঘদিন কাজ করেছি। ১৮ বছর কোনো প্রশ্ন না উঠে হঠাৎ করে কেন এসব অভিযোগ উঠছে, তা যাচাই করা প্রয়োজন। দায়িত্বশীল সাংবাদিকতা না হলে দেশ বিশৃঙ্খলার দিকে এগিয়ে যাবে।’