চেয়ারপারর্সন সাবেক প্রধানমন্ত্রী ও আপসহীন নেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার স্মরণে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ধুরইল একাডেমি মাঠে চার দিনব্যাপী ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে এই টুর্নামেন্টের সফল সমাপ্তি ঘটে। এ উপলক্ষে শীতার্ত ও দুঃস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। দীর্ঘদিন পর জমজমাট এই ফুটবল টুর্নামেন্টে অংশ নিতে পেরে উচ্ছ্বসিত তরুণ খেলোয়াড়রা। একইসঙ্গে ঘরের মাঠে খেলা উপভোগ করতে পেরে আনন্দিত বিভিন্ন বয়সী দর্শক। আয়োজকরা বলেন মাদক, মোবাইল জুয়া ও নানাবিধ অপরাধ থেকে যুব সমাজকে দূরে রাখতেই এই আয়োজন। আজ বিকেলে পাঁচবিবি উপজেলার দহতপুর খেলার মাঠে শুরু হয় ফাইনাল খেলা। ফাইনালে মুখোমুখি হয় পাঁচবিবি উপজেলার বেতগাড়ী ছাত্র পরিষদ একাদশ ও নওগাঁর ধামইরহাট উপজেলার বেড়াডাঙ্গা ফুটবল একাদশ। মাঠের চারপাশে বসে হাজারো দর্শক উপভোগ করেন হাড্ডাহাড্ডি এই ম্যাচটি।
নির্ধারিত সময়ে কোনো দল গোলের দেখা না পেলেও ট্রাইব্রেকারে ৪-২ গোলে বেড়াডাঙ্গা ফুটবল একাদশকে পরাজিত করে বেতগাড়ী ছাত্র পরিষদ একাদশ শিরোপা জয় করে। আয়োজক কমিটির সভাপতি মো. শামীম হোসেন বলেন, মাদক, মোবাইল জুয়া ও অপরাধ থেকে যুব সমাজকে মুক্ত রাখতেই আমাদের এই আয়োজন। প্রতিদিন মাঠে বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতি আমাদের অনুপ্রাণিত করেছে। আগামীতেও নিয়মিতভাবে এমন টুর্নামেন্ট আয়োজনের চেষ্টা থাকবে। উল্লেখ্য, ধুরইল দহতপুর সৎসঙ্গ ক্লাবের আয়োজনে গত ৭ জানুয়ারি থেকে শুরু হওয়া এই টুর্নামেন্টে স্বাগতিক পাঁচবিবিসহ পার্শ্ববর্তী জেলার বিভিন্ন উপজেলার মোট ১৬টি ক্লাব অংশগ্রহণ করে। টুর্নামেন্ট শেষে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় স্থানীয় দুস্থ নারী-পুরুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

