ঢাকাSaturday , 10 January 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রাম ডিসি পার্ক রঙিন ফুলের সুবাসিত, শুরু হলো মাসব্যাপী উৎসব 

Link Copied!

চট্টগ্রাম ডিসি পার্কে হাসনাহেনা, শিউলি, ডালিয়া, চন্দ্রমল্লিকা, ম্যাগনোলিয়া, অপরাজিতা, টিউলিপ ও উইস্টেরিয়াসহ দেশি-বিদেশি প্রায় ১৪০ প্রজাতির লক্ষাধিক ফুলে সেজেছে। চতুর্থবারের মতো আয়োজিত এই মাসব্যাপী ফুল উৎসব শুক্রবার (৯ জানুয়ারি) থেকে শুরু হয়েছে, যা চলবে আগামী ৮ ফেব্রুয়ারি পর্যন্ত। চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাটের দক্ষিণ পাশে অবস্থিত ১৯৪ একর আয়তনের ডিসি পার্ক প্রতিদিন রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। প্রবেশ টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে জনপ্রতি ৫০ টাকা। ফুলের সৌন্দর্য উপভোগের পাশাপাশি প্রতিদিন বিকাল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীরা উপভোগ করতে পারবেন সাংস্কৃতিক অনুষ্ঠান। ফুল উৎসবকে ঘিরে আয়োজন করা হয়েছে গ্রামীণ মেলা, বই উৎসব, ঘুড়ি উৎসব, পিঠা উৎসব, লেজার শো, ভিআর গেম, মুভি শো, ভায়োলিন শো, পুতুল নাচ ও মাল্টিকালচারাল ফেস্টিভ্যাল। বিশেষ আকর্ষণ হিসেবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে একটি সচেতনতামূলক স্টল স্থাপন করা হয়েছে। পাশাপাশি রয়েছে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান কর্নার। শুক্রবার ফুল উৎসবের উদ্বোধন করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এহছানুল হক। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. জিয়াউদ্দীন, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আহসান হাবীব পলাশ ও চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। উদ্বোধনী বক্তব্যে সিনিয়র সচিব এহছানুল হক বলেন, এটি শুধু চট্টগ্রামের জন্য নয়, বরং সারা দেশের মানুষের জন্য আনন্দের বিষয়। দেশের অন্য জেলার মানুষও ডিসি পার্কে এসে নির্মল আনন্দ উপভোগ করবেন। জেলা প্রশাসনের এই উদ্যোগ দেশের অন্য জেলার জন্য একটি দৃষ্টান্ত হয়ে থাকবে বলেও মন্তব্য করেন তিনি। এবারের ফুল উৎসবে দর্শনার্থীদের জন্য নতুন আকর্ষণ হিসেবে যুক্ত হয়েছে জিপ লাইন, ক্লাইম্বিং ট্রি, ট্রি হার্ট, বিগ ফ্লাওয়ার ট্রি, আমব্রেলা ট্রি ও ফ্লাওয়ার টি। ১৯৪ একর এলাকাজুড়ে গড়ে ওঠা ডিসি পার্কে রয়েছে তিনটি বিশাল আয়তনের পুকুর। এ ছাড়া ফুডকোর্ট, পর্যটকদের বসার স্থান, সেলফি কর্নার, অনুষ্ঠানস্থল, ভাসমান ফুল বাগান, হাঁটাচলার উন্মুক্ত স্থান, অস্থায়ী খেলার মাঠ, স্থায়ী ফুলের বাগান, শিশুদের খেলার মাঠ, ভিআইপি জোন, কন্ট্রোল রুম, রেস্টুরেন্ট, ফুড কর্নার, সানসেট ভিউ পয়েন্ট, টিউলিপ গার্ডেন ও জুলাই-আগস্ট অভ্যুত্থান কর্নারসহ নানা সুবিধা রয়েছে।