ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে হারিছ মিয়া (৪৩) নামে এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১০ জানুয়ারি) সকালে উপজেলার মাইজবাগ ইউনিয়নের সাধারপাড়া গ্রামের একটি পুকুর থেকে অজ্ঞাত ব্যাক্তির ওই লাশ উদ্ধার করা হয়। তিনি কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার নোয়াবাদ গ্রামের ফজলুর রহমানের ছেলে। শনিবার (১০ জানুয়ারি) সকাল ৬ টার দিকে লাশ পুকুরে ভাসতে দেখে স্থানীয়রা পুকুর থেকে লাশ উঠিয়ে থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে অজ্ঞাত লাশ উদ্ধার করে। পরে লাশের ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে পরিচয় শনাক্ত করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল আজম জানান, সংবাদ পেয়ে লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। নিহতের পরিবারের সাথে কথা বলে জানা গেছে হারিছ মিয়া মানসিক ভারসাম্যহীন ছিলেন। শুক্রবার (৯ জানুয়ারি) বাড়ি থেকে বের হয়ে আর ঘরে ফিরেননি। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজির পরেও হারিছ মিয়ার কোনো সন্ধান পায়নি তার পরিবার। পরে লাশের খবর শুনে পরিবারের লোকজন আমাদের সাথে যোগাযোগ করেছে। পরিবারের লোকজন থানায় আসার পরে তাদের সাথে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

