নিজস্ব প্রতিবেদক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাহবুবুর রহমান বলেছেন, ‘নির্বাচন একটি গুরুত্বপূর্ণ বিষয়। তাই নির্বাচন কমিশনের উচিৎ ছিল তফসিল ঘোষণার আগে সবার সঙ্গে বৈঠক করা।’
জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে শুক্রবার সকালে এক আলোচনা সভায় এ কথা জানান তিনি। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করে জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল।
মাহবুবুর রহমান বলেন, ‘আমরা নির্বাচনে যেতে চাই। এ জন্য সব প্রার্থীর সমান ও সমান্তরাল সুযোগ সৃষ্টি করতে হবে।’ লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হলে তার দল সিটি করপোরেশন নির্বাচনে যাবে বলেও জানান বিএনপির এ শীর্ষ নেতা।
আওয়ামী লীগের প্রতি ইঙ্গিত করে বিএনপির এ নেতা বলেন, ‘আমরা জাতীয় নির্বাচন আহ্বান করছি। কিন্তু তারা সংলাপের বিপরীতে সংঘাতের কথা বলছে। আমরা সংঘাত চাই না। সংলাপ চাই।’
তিনি বলেন, ‘দেশে এখন অপশাসন চলছে। হত্যা-গুম চলছে। এভাবে একটি দেশ চলতে পারে না।’ এ অপশাসনের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান মাহবুবুর রহমান।
এ সময় আরো উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হায়দার আলী। সভায় সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি কবি মাহমুদুল হাসান নিজামী।

