জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে রাজধানীর রামপুরায় ২৮ জনকে হত্যার অভিযোগে বিজিবির সাবেক কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল রেদোয়ানুল ইসলামসহ চারজনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
একই সঙ্গে অভিযোগ থেকে অব্যাহতি চেয়ে আসামিপক্ষের করা আবেদন খারিজ করে ছয়টি অভিযোগ গঠন করা হয়েছে।
বুধবার (২৪ ডিসেম্বর) ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক প্যানেল এ আদেশ দেন।
প্যানেলের অন্য দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী। এর মধ্য দিয়ে এ মামলায় আনুষ্ঠানিক বিচার শুরু হলো।
আদালতে এদিন গ্রেফতার দুই সেনা কর্মকর্তার পক্ষে আইনজীবী মাসুদ সালাউদ্দিন ও হামিদুল মিসবাহ, পলাতক দুই পুলিশ কর্মকর্তার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. আমির হোসেন এবং প্রসিকিউশনের পক্ষে আদালতে ছিলেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।
এ মামলার চার আসামির মধ্যে গ্রেফতার সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল রেদোয়ানুল ইসলাম ও মেজর মো. রাফাত বিন আলম মুন ঘটনার সময় বিজিবিতে ছিলেন। বাকি দুই আসামি পুলিশের সাবেক অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মো. রাশেদুল ইসলাম ও সাবেক ওসি মো. মশিউর রহমান পলাতক।

