ঢাকাThursday , 18 December 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

যুক্তরাষ্ট্রে মৌসুমী-শাবনূরের আবেগঘন পুনর্মিলন

বিনোদন ডেস্ক
December 18, 2025 5:45 pm
Link Copied!

ঢাকাই সিনেমার সোনালি দিনের দুই চিরপ্রতিদ্বন্দ্বী তারকা মৌসুমী ও শাবনূর। রূপালী পর্দায় দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বিতা থাকলেও ব্যক্তিগত জীবনে তাদের বন্ধুত্ব ও আন্তরিকতার কথা সবারই জানা। সম্প্রতি যুক্তরাষ্ট্রে এই দুই জনপ্রিয় নায়িকার আবেগঘন পুনর্মিলনের মুহূর্ত ঘিরে ভক্তদের মধ্যে তৈরি হয়েছে বাড়তি উচ্ছ্বাস।
গত ১৭ ডিসেম্বর ছিল চিত্রনায়িকা শাবনূরের ৪৬তম জন্মদিন। বিশেষ এই দিনটি উদযাপন করতে অস্ট্রেলিয়া থেকে একমাত্র ছেলে আইজানকে নিয়ে যুক্তরাষ্ট্রে যান তিনি। বর্তমানে সেখানে জনপ্রিয় অভিনেতা অমিত হাসানের বাসায় অবস্থান করছেন শাবনূর।
শাবনূরের আমেরিকায় আসার খবর পেয়ে নিজেকে আর ধরে রাখতে পারেননি মৌসুমী। গত কয়েক বছর ধরে তিনি সপরিবারে যুক্তরাষ্ট্রেই বসবাস করছেন। প্রিয় সহকর্মীর আগমনের সংবাদ পেয়ে একগুচ্ছ ফুল নিয়ে অমিত হাসানের বাসায় হাজির হন মৌসুমী। দীর্ঘদিন পর একে অপরকে সামনে পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন দুই তারকা। ভালোবাসায় জড়িয়ে ধরেন একে অপরকে।
এই বিশেষ মুহূর্তটি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন শাবনূর নিজেই। ফেসবুকে একটি ভিডিও পোস্ট করে ক্যাপশনে তিনি লেখেন, ‘অনেকদিন পর মৌসুমী আপুর সাথে দেখা। আপুকে কাছে পেয়ে মনটা ভরে গেছে, কী যে ভালো লেগেছে!’
১৯৯৩ সালে সোহানুর রহমান সোহান পরিচালিত ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমার মাধ্যমে সালমান শাহর হাত ধরে চলচ্চিত্রে অভিষেক ঘটে মৌসুমীর। একই বছর পরিচালক এহতেশামের ‘চাঁদনী রাতে’ সিনেমার মাধ্যমে বড়পর্দায় পা রাখেন শাবনূর। পরের বছর ১৯৯৪ সালে ‘তুমি আমার’ সিনেমার মাধ্যমে সালমান শাহ ও শাবনূরের জুটি দর্শকমহলে ব্যাপক জনপ্রিয়তা পায়।
তিন দশকেরও বেশি দীর্ঘ ক্যারিয়ারে মৌসুমী ও শাবনূর-দুজনেই উপহার দিয়েছেন অসংখ্য ব্যবসাসফল ও জনপ্রিয় সিনেমা। পর্দার এই দুই চিরচেনা নায়িকার বিদেশের মাটিতে পুনর্মিলনের ভিডিও এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে ভক্তদের আবেগ ছুঁয়ে গেছে।