নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উদ্দেশ করে ১৪ দলের প্রধান সমন্বয়ক এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মাদ নাসিম বলেছেন, ‘২০১৯ সালে শেখ হাসিনার অধীনেই আপনাকে জাতীয় নির্বাচনে আসতে হবে। এর কোনো বিকল্প নেই।’
বুধবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে জাতীয় পার্টি (জেপি ) আয়োজিত ‘মহান স্বাধীনতা দিবস’ উপলক্ষে এক আলোচনা সভায় তিনি একথা বলেন।
নাসিম বলেন, ‘আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করে। আর গণতন্ত্রের মূল হাতিয়ার হচ্ছে নির্বাচন। জাতীয় সংসদ নির্বাচনসহ আমরা ইতোমধ্যে সিটি করপোরেশন নির্বাচন দিয়েছি।’
খালেদা জিয়াকে ভুল স্বীকার করার পরামর্শ দিয়ে নাসিম বলেন, ‘একদিকে হরতাল-অবরোধ দিয়ে মানুষ পুড়িয়ে মারবেন, আর অন্য দিকে নির্বাচন করবেন তা হতে পারে না। আপনাকে যেকোন একটা বেছে নিতে হবে। তাই মানুষ পুড়ানো বন্ধ করে সুষ্ঠু রাজনীতিতে ফিরে আসুন, নির্বাচনে অংশগ্রহণ করুন।’
তিনি আরো বলেন, ‘খালেদা জিয়া আন্দোলনের নামে বোমা মেরে মানুষ হত্যা করেছে, মানুষের মন জয় করতে পারেনি।’
নাসিম বলেন, ‘বাঙ্গালি জাতি ধর্মে-বর্ণে বিভক্ত ছিল বলে বারবার বিদেশি শক্তির দ্বারা শোষিত হতে হয়েছে। কিন্তু ১৯৭১ সালে বঙ্গবন্ধুর নেতৃত্বে জাতি ঐক্যবদ্ধ হয়েছে। বঙ্গবন্ধু যে সোনার বাংলার স্বপ্ন দেখেছিলেন তা বাস্তবায়ন করতে হলে শেখ হাসিনার নেতৃত্বে আমাদের সবাইকে এক সঙ্গে কাজ করতে হবে।’
আওয়ামী লীগের সব শরিক দল একসঙ্গে কাজ করলেই বিএনপি-জামায়াতের নৈরাজ্যকে প্রতিহত করা সম্ভব হবে বলেও মন্ত্রী জানান।
আয়োজক সংগঠনের চেয়ারম্যান পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুর সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক সাবেক শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া, আয়োজক সংগঠনের মহাসচিব শেখ শহিদুল ইসলাম, আয়োজক সংগঠনের প্রেসিডিয়াম সদস্য কর্নেল ( অব.) আব্দুল লতিফ, আব্দুর রহিম প্রমুখ।

