মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের সীমান্ত এলাকায় বিএসএফের গুলিতে শুকুরাম উরাং (২৫) নামে এক যুবক নিহত হয়েছে। নিহত যুবক কর্মধা ইউনিয়নের মুরইছড়া চা-বাগান বস্তি এলাকার বাসিন্দা দাসনু উরাংয়ের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, শুকুরাম উরাং গতকাল বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুরে সীমান্তবর্তী ১৮৪৪ নং পিলারের পাশে তাদের কৃষি জমিতে কাজ করতে যায়। এর কিছুক্ষণ পর বেলা দেড়টার দিকে ভারতীয় বিএসএফ সদস্যরা তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। গুলিবিদ্ধ হয়ে সে দৌড়ে কিছুদূর গিয়ে মাটিতে লুটিয়ে পড়ে। স্থানীয়রা তাকে উদ্ধার করে কুলাউড়া সদর হাসপাতালে নিয়ে আসার পথিমধ্যে সে মৃত্যুর কোলে ঢলে পড়ে। কুলাউড়া সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, বিএসএফের গুলিতে যুবকটি হাসপাতালে আনার আগেই মৃত্যুবরণ করে। কুলাউড়া থানার অফিসার্স ইনচার্জ ওমর ফারুক বিএসএফের গুলিতে নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, শুকুরাম উরাংয়ের লাশ কুলাউড়া সদর হাসপাতালে সুরাতাহাল শেষে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিএসএফের গুলিতে প্রায়ই সীমান্তে বাংলাদেশীদের হত্যা করা হয়। এতে জনমনে আতঙ্কের পাশাপাশি ক্ষোভ বিরাজ করছে।

