গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার হরিরামপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রাম থেকে বৃহস্পতিবার সকালে মহিদুল ইসলাম আলম সরদার (৪৮) নামে এক চা দোকানির রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়। নিহত মহিদুল ইসলাম ওই গ্রামের নজির সরদারের ছেলে এবং স্থানীয় শিবপুর বাজারের চা বিক্রেতা ছিলেন। পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার গভীর রাতের কোনো এক সময় মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে হত্যা করা হয়। রাতভর বাড়িতে না ফেরায় স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। সকালে বাড়ির পাশের একটি নির্জন ভিটায় মহিদুলের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে তারা পুলিশে খবর দেন। খবর পেয়ে গোবিন্দগঞ্জ থানা পুলিশের একটি দল ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল আহমেদ বলেন, ‘এটি একটি নৃশংস হত্যাকাণ্ড। হত্যার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে। দ্রুতই ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে।’

