কক্সবাজারের টেকনাফ–সেন্টমার্টিন নৌ রুটে স্পিডবোটডুবিতে মা মেয়ের মৃত্যু হয়েছে। সোমবার (১ ডিসেম্বর) দুপুরে সেন্টমার্টিন থেকে শাহপরীর দ্বীপে ফেরার পথে নাফ নদীর মোহনার নাইক্ষ্যংদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন সেন্টমার্টিনের পূর্বপাড়ার মরিয়াম খাতুন ও তার ৫ বছরের মেয়ে মাহিমা। বিষয়টি নিশ্চিত করেছেন সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফয়েজুল ইসলাম। ফয়েজুল ইসলাম বলেন, সেন্টমার্টিন থেকে ছেড়ে আসা স্পিডবোটটি নাইক্ষ্যংদিয়া এলাকায় প্রবল ঢেউয়ের মুখে উল্টে যায়। খবর পেয়ে কাছাকাছি থাকা আরেকটি স্পিডবোট গিয়ে উদ্ধারকাজ চালায়। তবে মা মেয়েকে আর জীবিত পাওয়া যায়নি। নিহত মরিয়ামের ভাই বশির আহমেদ জানান, তিনিও একই স্পিডবোটে ছিলেন। তিনি বলেন, ‘ঢেউয়ের ধাক্কায় মুহূর্তেই বোট উল্টে যায়। পরে বোন আর ভাগনিকে মৃত অবস্থায় পাওয়া যায়। বোনের ঢাকা যাওয়ার কথা ছিল পথেই সব শেষ হয়ে গেল।’ টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আসিফ আলভী জানান, হাসপাতালে আনার আগেই মা মেয়ের মৃত্যু হয়। একই ঘটনায় আহত দুজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রাকিব হাসান চৌধুরী বলেন, ‘কীভাবে স্পিডবোটটি উল্টে গেল, তা তদন্ত করা হচ্ছে।’ স্থানীয়ভাবে অভিযোগ রয়েছে অনুমতি ছাড়া দীর্ঘদিন ধরে প্রশাসনকে ম্যানেজ করে টেকনাফ–সেন্টমার্টিন রুটে স্পিডবোট চলাচল করে আসছিল।

