জয়পুরহাটের আক্কেলপুরে চার বছর বয়সী এক শিশুকে হত্যার অভিযোগ উঠেছে তার সৎ মা জাহানারা বেগমের (৩০) বিরুদ্ধে। এসময় জিজ্ঞাসাবাদের জন্য শিশুটির সৎ মা আটক করে পুলিশ। রোববার সকাল সাড়ে ১১ টায় উপজেলায় তিলকপুর ইউনিয়নের গিলাকুড়ী গ্রাম এ ঘটনা ঘটে। খবর পেয়ে শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ। তবে এই ঘটনাকে নিছক মৃত্যু নয়, বরং হত্যাকাণ্ড বলে দাবি করছেন স্থানীয়রা। জানা যায়, শিশু নাঈম জন্মের এক বছরের মাথায় তার আপন মা মারা যায় । তার কিছু দিন পর নাঈমকে লালন পালন করার জন্য জাহানারা বেগমকে বিয়ে করেন নাঈমের বাবা খলিলুর রহমান। স্বজনদের দাবি, সকালে শিশু নাঈম তার সৎ মায়ের কাছে ভাত খেতে চায়। তখন শীল পাটার দিয়ে মাথায় আঘাত করে পরে তাকে বাথরুমে রেখে আসে । কিছুক্ষণ পর স্থানীয়রা দেখতে পেয়ে নওগাঁ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতাল থেকে শিশুটির মরদেহ বাড়িতে নিয়ে আসলে সৎ মাকে এলাকাবাসী আটকে রেখে পুলিশকে খবর দেয়। থানার উপ-পরিদর্শক (এসআই) গনেশ চন্দ্র জানান, নাঈম নামে শিশুটি গিলাকুড়ী গ্রামের ব্যবসায়ী আব্দুল জলিলের ছেলে। শিশুটির শরীলে আঘাতের চিহ্ন রয়েছে। শিশুটির খালা লাবলী বলেন, আমার বোন মারা যাবার পর দুলাভাই জাহানারাকে বিয়ে করে, সেই ঘরে একটি মেয়ে বাচ্চা আছে। আমার ভাগনাকে আজকে হত্যা করা হয়েছে। আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) বলেন, এ ঘটনায় আমরা তার সৎ মাকে থানায় নিয়ে এসেছি, নিহত শিশুর পরিবারের অভিভাবক তার বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করা হবে ।

