দশম গ্রেডসহ তিন দফা দাবিতে আন্দোলনরত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নেতাদের সঙ্গে বৈঠকে বসছেন অর্থ মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা। রোববার (৯ নভেম্বর) সন্ধ্যায় সচিবালয়ে বৈঠকটি শুরু হবে বলে জানা গেছে।
প্রাথমিক সহকারী শিক্ষক ঐক্য পরিষদের কেন্দ্রীয় আহ্বায়ক মোহাম্মদ শামছুদ্দীন মাসুদ বিষয়টি নিশ্চিত করেন।
দাবি আদায়ে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। ফলে সারাদেশের প্রায় ৬৫ হাজার স্কুলে ক্লাস বন্ধ হয়ে গেছে। এমন পরিস্থিতিতে বৈঠকটি হতে যাচ্ছে।
শামছুদ্দীন মাসুদ বলেন, ‘দাবি বাস্তবায়ন ও শাহবাগে পুলিশের হামলার প্রতিবাদে আমরা আজ সারাদেশের সব প্রাথমিক বিদ্যালয়ে পূর্ণদিবস কর্মবিরতি পালন করেছি। একই সঙ্গে শহীদ মিনারে অবস্থান কর্মসূচিও অব্যাহত থাকবে।’
শনিবার (৮ নভেম্বর) বিকেলে রাজধানীর শাহবাগে ‘কলম বিসর্জন’ কর্মসূচিতে পুলিশের সাউন্ড গ্রেনেড, টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপে বহু শিক্ষক আহত হন। সাউন্ড গ্রেনেডে অনেক শিক্ষক অসুস্থ হয়ে পড়েন।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ৬৫ হাজার ৫৬৭টি এবং এসব বিদ্যালয়ে কর্মরত শিক্ষকসংখ্যা প্রায় তিন লাখ ৮৪ হাজার। কর্মবিরতি শুরুর পর থেকেই এসব বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে।
চলতি বছরের ২৪ এপ্রিল সরকার প্রধান শিক্ষকদের বেতন ১১তম থেকে ১০ম গ্রেডে উন্নীত করে এবং ১৩তম গ্রেডের শিক্ষকদের ১২তম গ্রেডে উন্নীত করার উদ্যোগ নেয়। কিন্তু এতে বৈষম্যের অভিযোগ তুলে সহকারী শিক্ষকরা আন্দোলনে নামেন।

