নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে হঠাৎ করেই হাজির হলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে দলীয় সমর্থিত প্রার্থী সাঈদ খোকন।
মঙ্গলবার দুপুর পৌনে ১টার দিকে ঢাকা মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভা শেষে নেতাকর্মীরা চলে যাওয়ার পর নগরের ভারপ্রাপ্ত সভাপতি এমএ আজিজের নেতৃত্বে হঠাৎ করেই কার্যালয়ে হাজির হন তিনি।
এ সময় সাঈদ খোকন সমর্থকদের উদ্দেশে কোনো বক্তব্য না দিলেও সিটি করপোরেশন নির্বাচনে বিজয়ী হওয়ার জন্য মোনাজাত করেন। পরে সোয়া ১টার দিকে তিনি কার্যালয় ত্যাগ করেন।
তখন উপস্থিত ছিলেন সংসদ সদস্য হাবিবুর রহমান মোল্লার ছেলে সজল, শ্যামপুর থানা আওয়ামী লীগের সভাপতি তোফাজ্জল হোসেন, কোতোয়ালী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফজাল সিদ্দিকী, নগর আওয়ামী লীগের সদস্য একে আজাদসহ সাঈদ খোকনের সমর্থকরা।

