চট্টগ্রাম প্রতিনিধি: চলমান সরকারবিরোধী আন্দোলনে মাঠে না থাকলেও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির সমর্থন পাচ্ছেন বর্তমান মেয়র মনজুর আলম। এ খবরে বিক্ষুব্ধ হয়ে উঠেছে চট্টগ্রামের বিএনপি, যুবদল ও ছাত্রদলের একাংশ। তারা দলীয় হাইকমান্ডের এ সিদ্ধান্ত পরিবর্তনের দাবিতে বিক্ষোভ শুরু করেছে। এরই অংশ হিসেবে মঙ্গলবার দুপুরে মেয়র মনজুর আলমের কুশপুতুল পুড়িয়েছে তারা।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, নগরীর পাঁচলাইশ থানার মুরাদপুর-প্রবত্তক সড়কের শেভরনের সামনে মেয়র মনজুকে মেয়র পদে মনোনয়নের প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদল।
এসময় তারা হাইকমান্ডের কাছে প্রশ্ন রেখে বলেন, চলমান সরকারবিরোধী আন্দোলন-সংগ্রামে গত ছয় বছর পুলিশের দমন নিপীড়নের শিকার হওয়ার কারণে ডা. শাহাদাত হোসেনই একমাত্র মেয়র পদে মনোনয়নের দাবিদার। সারা বছর আন্দোলন সংগ্রামে না থেকেও যদি মনজুর মনোনয়ন পান তাহলে চলমান আন্দোলন-সংগ্রাম করে আর লাভ কী?
পুলিশের ভয়ে আত্মগোপনে না থেকে, মাঠে সংগ্রাম না করেই দলের পদ-পদবী নিয়ে বসে থাকাই হবে শ্রেয়। মেয়র মনজুরকে যদি মনোনয়ন দেয়া হয় চট্টগ্রামের ছাত্রদলের নেতাকর্মীরা তা কোনোভাবেই মেনে নেবে না।
তারা অবিলম্বে বিএনপির হাইকমান্ডের এই সিদ্ধান্ত বাতিল করে নগর বিএনপির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেনকে মেয়র পদে মনোনয়ন দেয়ার দাবি জানান। অন্যথায় বিএনপি-যুবদল ও ছাত্রদলের পক্ষ থেকে কঠোর কর্মসূচি দেয়া হবে বলে হুঁশিয়ারি দেয়া হয় সমাবেশ থেকে।
এরপর মেয়র মনজুর আলমের কুশপুতুল পুড়িয়ে প্রতিবাদ জানান ছাত্রদলের নেতাকর্মীরা।
প্রসঙ্গত, যদি সিটি নির্বাচনে বিএনপি অংশ নেয় তাহলে চট্টগ্রামে বর্তমান মেয়র মনজুর আলমকেই সমর্থন দেয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপির হাইকমান্ড।

