ঢাকাWednesday , 22 October 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চান্দিনায় ওএমএস পণ্য বিতরণে অনিয়মের অভিযোগ

Link Copied!

কুমিল্লার চান্দিনা উপজেলার ৫নং কেরনখাল ইউনিয়নে ওএমএস (ওপেন মার্কেট সেল) পণ্য বিতরণে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। কার্ডধারীদের বাদ দিয়ে ডিলার ও সংশ্লিষ্ট ব্যক্তিরা পণ্য কালোবাজারে বিক্রি করছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। এ ঘটনায় গত বুধবার (১৫ অক্টোবর) দুপুরে মোঃ বুলবুল আহাম্মেদ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ দাখিল করেন। অভিযোগ সূত্রে জানা যায়, ইউনিয়ন পরিষদ কার্যালয় এলাকায় গেলে কয়েকজন সুবিধাভোগী জানান, তালিকা অনুযায়ী তারা দীর্ঘদিন ধরে ওএমএসের পণ্য পাচ্ছেন না। নিজেদের পছন্দের লোকদের শুধু জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে পণ্য বিতরণ করা হচ্ছে, যা নিয়মবহির্ভূত। ছয়ঘরিয়া গ্রামের মোঃ হারুনুর রশিদ বলেন, “আমি ওএমএস কার্ডধারী, কিন্তু দীর্ঘদিন ধরে কোনো পণ্য পাই না। কখন বিতরণ হয় তাও আমাদের জানানো হয় না।” একই গ্রামের মোঃ মোজাম্মেল হক বলেন, “ডিলার নাছির উদ্দীন মিয়াজী দায়িত্ব নেওয়ার পর থেকে আমরা বঞ্চিত হচ্ছি। আমাদের প্রতি তিনি অন্যায় করছেন।” স্থানীয় এক ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে জানান, “ওএমএসের ডিলার নাছির উদ্দীন মিয়াজীর নামে হলেও নিয়ন্ত্রণ করেন মোঃ রুহুল কুদ্দুস মাইন ও প্যানেল চেয়ারম্যান মোঃ সেলিম মোল্লা। রুহুল কুদ্দুস মাইন প্রায় ১০ লক্ষ টাকার বিনিময়ে প্যানেল চেয়ারম্যান হয়েছেন বলে জানা যায়।” অনেক কার্ডধারীর অভিযোগ, ডিলার নাছির উদ্দীন মিয়াজী দায়িত্ব নেওয়ার পর থেকে তারা নিয়মিত চাল পাচ্ছেন না। প্রতি বস্তায় দেড় থেকে দুই কেজি করে চাল কম দেওয়া হয় এবং প্রতি সুবিধাভোগীর কাছ থেকে অতিরিক্ত ২০ টাকা করে নেওয়া হয়। কেউ প্রতিবাদ করলে তাদের গালাগালি করা হয় এবং চাল না দেওয়ার হুমকি দেওয়া হয়। স্থানীয়দের দাবি, নাছির উদ্দীন মিয়াজীর নিজস্ব কোনো ব্যবসা প্রতিষ্ঠান বা গোডাউন নেই। তাহলে তিনি কীভাবে ওএমএস ডিলার হলেন তা নিয়েও প্রশ্ন তুলেছেন তারা। তারা আশা প্রকাশ করেছেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেবেন। প্যানেল চেয়ারম্যান মোঃ সেলিম মেম্বারের বক্তব্য জানতে একাধিকবার ফোন করা হলেও তাকে পাওয়া যায়নি। অভিযোগের বিষয়ে ওএমএস ডিলার নাছির উদ্দীন মিয়াজী বলেন, “আমার বিরুদ্ধে অনিয়মের কোনো অভিযোগ নেই। আমি নিয়ম মেনে পণ্য বিতরণ করি এবং বিতরণের সময় ট্যাগ অফিসার উপস্থিত থাকেন।” ওই ইউনিয়নের ট্যাগ অফিসার মোসাঃ সোমনা আক্তার স্মৃতি বলেন, “আমার জানা মতে কোনো অনিয়ম হয়নি। আমি যথাযথ দায়িত্ব পালন করে আসছি।” এ বিষয়ে চান্দিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল হক বলেন, “অভিযোগের প্রেক্ষিতে পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ আবু জাফরকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”