কুমিল্লার দেবিদ্বার উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক ড্রেজার ব্যবসায়ীকে জরিমানা করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (২১ অক্টোবর) উপজেলা নির্বাহী অফিসার রাকিবুল ইসলামের নেতৃত্বে উপজেলার ১০নং গুনাইঘর দক্ষিণ ইউনিয়নের বনকুট এলাকায় এ মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন (সংশোধিত), ২০২৩ এর আওতায় তাহের নামের এক ড্রেজার ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। উপজেলা নির্বাহী অফিসার রাকিবুল ইসলাম জানান, “পরিবেশ ও কৃষিজমির ক্ষতি রোধে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।” স্থানীয় সূত্রে জানা গেছে, বনকুট এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ ছিল। প্রশাসনের এ অভিযানে স্থানীয়রা স্বস্তি প্রকাশ করে।

