ঢাকাThursday , 16 October 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বেগুনবাড়িতে হামলা, ৫ আগস্টে ২ হাজার নেতা-কর্মী হত্যা
ঠাকুরগাঁওয়ে বিএনপি মহাসচিবের অভিযোগ

Link Copied!

 বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, ক্ষমতা আঁকড়ে রাখার দম্ভে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে বিরোধী দলের নেতা-কর্মীদের ওপর ব্যাপক দমন-পীড়ন চালানো হয়েছে। এমনকি ২০২৪ সালের ৫ আগস্ট তারিখে বিএনপির ২ হাজার নেতা-কর্মীকে হত্যা করা হয়েছে বলেও তিনি দাবি করেছেন। গত বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার দানারহাট ঈদগাহ মাঠে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, দীর্ঘ ১৫ বছর আমরা শুধু একটি দাবিতে আন্দোলন করেছি আমাদের ভোটের অধিকার ফিরিয়ে দাও। সেই দাবিতে আমি নিজে ১১ বার কারাগারে গিয়েছি, সাড়ে তিন বছর জেল খেটেছি। আমরা এই আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরাতে পেরেছি এবং এখন দেশের মানুষ শান্তিতে ঘুমাতে পারছে। তিনি দাবি করেন, ২০২৪ সালের ৫ আগস্টে আমাদের দুই হাজার নেতা-কর্মীকে হত্যা করা হয়েছে। আমাদের ছাত্র, কৃষক, শ্রমিক, নারী, শিশু কেউই বাদ যায়নি। শুধু ক্ষমতায় থাকার জন্য গুলি চালিয়ে মানুষ হত্যা করা হয়েছে। ২০১৮ সালের জাতীয় নির্বাচনের স্মৃতিচারণ করে বিএনপি মহাসচিব বলেন, সেই নির্বাচনের প্রচারণার প্রথম দিন আমি বেগুনবাড়িতে গিয়েছিলাম। তখন আওয়ামী লীগের চেয়ারম্যান বনি আমিনের নেতৃত্বে সন্ত্রাসীরা আমার গাড়ির ওপর হামলা চালায় এবং তা ভেঙে ফেলে। তিনি আরও অভিযোগ করেন, সেই সময় বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দেওয়া হয়। তারা ধানক্ষেতে, আমবাগানে লুকিয়ে রাত কাটিয়েছে। কেউ কেউ গ্রেফতার হয়ে জেলেও গেছে। তবে ৫ আগস্টের পর এসব মিথ্যা মামলা প্রত্যাহার করা হয়েছে এবং অনেক নেতা-কর্মীকে মুক্ত করা হয়েছে। আওয়ামী লীগ সরকারের অধীনে অনুষ্ঠিত ৩ টি নির্বাচন নিয়ে তীব্র সমালোচনা করেন মির্জা ফখরুল। তিনি বলেন, ২০১৪ সালের নির্বাচন আমরা বর্জন করেছিলাম। তখন বিনা প্রতিদ্বন্দ্বিতায় ১৫৪ জন এমপি নির্বাচিত হয়েছিলেন। ২০১৮ সালে শেখ হাসিনা নিরপেক্ষ নির্বাচনের আশ্বাস দিলেও আগের রাতে ভোট চুরি হয়ে যায় এটাকে বলা হয় ‘নিশি রাতের ভোট’। ২০২৪ সালের নির্বাচনকে তিনি ‘ডামি নির্বাচন’ আখ্যা দিয়ে বলেন, সাংবাদিকরা এ নির্বাচনকে বলেছিল ‘আমি আর তুমি ভোট’। সেখানে গণতন্ত্র ছিল না, ছিল কারসাজি ও জুলুম। শেখ হাসিনা সরকার ৬০ লাখ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে। বেগম খালেদা জিয়ার প্রসঙ্গ টেনে মির্জা ফখরুল বলেন, দেশনেত্রী ছয় বছর ধরে মিথ্যা মামলায় বন্দি ছিলেন। আমরা বহুবার সরকারের কাছে অনুরোধ করেছি যেন তাকে চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার সুযোগ দেওয়া হয়। কিন্তু শেখ হাসিনা বলেছিলেন, তাকে পদ্মা সেতু থেকে ফেলে দেবেন। তবে মুক্তির পর খালেদা জিয়া জাতিকে উদ্দেশ করে বলেছেন, প্রতিহিংসা নয়, প্রতিশোধ নয় আমরা ভালোবাসা দিয়ে মানুষের মন জয় করতে চাই। দেশের বর্তমান অবস্থা নিয়ে তিনি বলেন, আন্দোলনের মাধ্যমে আমরা হাসিনাকে সরাতে পেরেছি। এখন মানুষ শান্তিতে ঘুমাতে পারে। তিনি কর্মীদের উদ্দেশে প্রশ্ন করেন, এখন কি রাতে ঘুমাতে পারেন? কর্মীদের সম্মতিসূচক উত্তর পেয়ে বলেন, এই শান্তি কিন্তু আন্দোলনের ফসল। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি এস এম আবুল কাশেম আজাদ। সভায় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলী, সদর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হামিদ, সহ-সভাপতি ওবায়দুল্লাহ মাসুদসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।