নোয়াখালীর বেগমগঞ্জে লক্ষীপুরের বাসে গ্যাস নেওয়ার সময় সিলিন্ডার বিস্ফোরণে চারজন আহত হয়েছেন। এ সময় একটি সিএনজি চালিত অটোরিকশা ও একটি বাস ক্ষতিগ্রস্থ হয়। সোমবার (১৩ অক্টোবর) রাত সোয়া ৯টার দিকে উপজেলার কেন্দুরবাগ মীম সিএনজি ফিলিং স্টেশনে এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন, উপজেলার কেন্দুরবাগ বাজার এলাকার সিএনজি চালক রেজু মিয়া, বেচু মিয়া, আরমান ও ফিলিং স্টেশনের কর্মচারী জাবেদ হোসেন পুলিশ ও স্থানীয়রা জানায়, লক্ষ্মীপুরের আজাদ পরিবহনের একটি বাস গ্যাস নিতে রাত সোয়া ৯ টার দিকে উপজেলার কেন্দুরবাগ মীম সিএনজি ফিলিং স্টেশনে আসে। ওই সময় বাসে গ্যাস দেওয়ার সময় হঠাৎ সিলিন্ডার বিস্ফোরিত হয়। এতে ৩ জন চালিত অটোরিকশা চালকসহ ৪জন আহত হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বাসের সিলিন্ডারটি নিম্নমানের ছিল। খবর পেয়ে চৌমুহনী ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। বেগমগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) শাহরিয়ার কামাল বলেন, বাস গ্যাস নিতে আসলে এ দুর্ঘটনা ঘটে। পরে আহত ব্যক্তিরা প্রাথমিক চিকিৎসা শেষে নিজ নিজ বাড়িতে চলে যান। বাস জব্দ করে থানায় নিয়ে যাওয়া হবে। লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

