ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে প্রেমিকাকে কেন্দ্র করে ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষে অন্তত ৭ জন আহত হয়েছেন। সংঘর্ষ চলাকালে এক সাংবাদিকের ক্যামেরা ছিনিয়ে নেওয়ার অভিযোগও উঠেছে। রোববার (১২ অক্টোবর) দিনগত গভীর রাত পর্যন্ত পীরগঞ্জ পৌর শহরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এক কলেজছাত্রীকে কেন্দ্র করে পীরগঞ্জ পৌর ছাত্রদলের সদস্যসচিব জীবন হামিদ ও কর্মী শ্রাবণ–শুভ গ্রুপের মধ্যে তীব্র উত্তেজনা দেখা দেয়। পরবর্তীতে তা সংঘর্ষে রূপ নেয়। উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, কিলঘুষি ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত সাতজন আহত হন। এ সময় সংবাদ সংগ্রহ করতে গিয়ে পীরগঞ্জ প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক কালবেলার প্রতিনিধি বাদল হোসেন লাঞ্ছিত হন বলে অভিযোগ পাওয়া গেছে। তার ব্যবহৃত ক্যামেরাও ছিনিয়ে নেওয়া হয়। এ বিষয়ে পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। জেলা ছাত্রদলের সভাপতি কায়েস জানান, “ঘটনার বিস্তারিত জানতে খোঁজখবর নেওয়া হচ্ছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গ করলে কাউকে ছাড় দেওয়া হবে না। দোষীদের বিরুদ্ধে অবশ্যই সর্বোচ্চ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।” স্থানীয়দের মাঝে এ ঘটনা নিয়ে চরম উত্তেজনা বিরাজ করছে।

