নড়াইলের লোহাগড়ায় ট্রেনে কাটা পড়ে এক অজ্ঞাত যুবকের মৃত্যু হয়েছে। রোববার (১২ অক্টোবর) বিকেলে লোহাগড়ার কালনা-কামঠানা এলাকার রেললাইনের উপর এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বেনাপোল থেকে বিকেল ৩টা ২৫ মিনিটে ঢাকাগামী রূপসী বাংলা ট্রেনটি লোহাগড়ার কামঠানা এলাকায় পৌঁছালে ওই যুবক ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) অজিত কুমার রায় জানান, দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। নিহতের নাম-পরিচয় এখনো জানা যায়নি এবং পুলিশ তার পরিচয় শনাক্তের চেষ্টা চালাচ্ছে। স্থানীয়রা জানান প্রথমে রেললাইনের পাশে ওই যুবকের রক্তাক্ত মরদেহ দেখতে পায় স্থানীয় লোকজন। পরে এই লোকজন লোহাগড়া থানা পুলিশকে খবর দিলে থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহটি হেফাজতে নেয়। রক্তাক্ত ওই যুবকের আনুমানিক বয়স ২৫ থেকে ৩০ বছর। তার গায়ে নিল রঙের টি-শার্ট ও পরনে জিন্সের প্যান্ট আছে। তবে তিনি আত্মহত্যা করেছেন নাকি এটি নিছক দুর্ঘটনা সে বিষয়ে কিছু জানা যায়নি।

