রাজধানীর আদাবর থানা আওয়ামী মৎস্যজীবী লীগের যুগ্ম আহ্বায়ক তরিকুল ইসলাম তাহসানকে বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুরে মিছিল প্রস্তুতিকালীন সময়ে আটক করেছে মিরপুর মডেল থানা পুলিশ। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দলীয় কর্মসূচির অংশ হিসেবে একদল নেতাকর্মী মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় মিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ রোমন নিজে নেতৃত্ব দিয়ে অভিযান চালিয়ে তাহসানকে আটক করেন।
তবে পুলিশ সূত্রের দাবি, আইন-শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতেই এ অভিযান পরিচালিত হয়েছে। ওসি সাজ্জাদ রোমন বলেন, মিছিলে অনুমতি ছাড়া জন সমাগম তৈরি করে আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর চেষ্টা করা হচ্ছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেই আমরা ব্যবস্থা নিয়েছি।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং আদাবর ও আশেপাশের থানা ইউনিটগুলোতে মৎস্যজীবী লীগ নেতারা জরুরি বৈঠক করছেন। দলীয় সূত্রে জানা গেছে, তাহসানের মুক্তির দাবিতে দ্রুতই বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করা হতে পারে।
তরিকুল ইসলাম তাহসান দীর্ঘদিন ধরে আদাবর থানা আওয়ামী মৎস্যজীবী লীগের সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন এবং তিনি সংগঠনের একজন পরিচ্ছন্ন ও উদ্যমী নেতা হিসেবে পরিচিত।

