পর্যটন নগরী কক্সবাজারের নবগঠিত উপজেলা ঈদগাঁও ফুলেশ্বরী নদীর পাশ দখল করে কয়েকদিন ধরে চলা অবৈধ দখল স্থাপনা নির্মাণ অবশেষে অভিযান পরিচালনা করে উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। বুধবার (৮ অক্টোবর) বেলা আড়াইটার দিকে উপজেলার অতিরিক্ত দ্বায়িত্বে থাকা সদরের সহকারী কমিশনার (ভূমি) শারমিন সূলতানার নেতৃত্বে এই উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। এতে নদী ভরাট করে নির্মিতব্য অবৈধ স্থাপনা গুড়িয়ে দিয়ে লাল পতাকা টাঙিয়ে দেয় প্রশাসন। এ সময় ঈদগাঁও ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আবদুল জব্বার ও ঈদগাঁও থানার পুলিশ ওই অভিযানে অংশ নেন। উল্লেখ্য ফুলেশ্বরী নদীর পাড় দখল করে অবৈধ মার্কেট নির্মাণ করেছে জনৈক নজরুল ইসলাম। পুনরায় খালের স্রোতধারা লোহারপাত ও ভারি সরঞ্জাম দিয়ে পাটাতন বসিয়ে কয়েদিন ধরে অবৈধ স্থাপনা নির্মাণ করছিল দখলবাজ নজরুল ইসলাম। এ নিয়ে স্থানীয় গণমাধ্যম কর্মীরা অবৈধ দখলদারির বিরুদ্ধে সংবাদ প্রচার করলে অবশেষে টনক নড়ে সংশ্লিষ্ট প্রশাসনের। এ ব্যাপারে অভিযুক্ত নজরুল ইসলাম বলেন, তার খতিয়ানভুক্ত জমি ভেঙে নদীতে বিলীন হয়ে যায়। তাই অবশিষ্ট স্থাপনা নদীগর্ভ থেকে রক্ষা করতে তিনি দেয়াল তৈরি করছিলেন। এ ছাড়া ওই জায়গাটি তার নিজস্ব খতিয়ানভুক্ত জমি বলেও তিনি দাবি করেন।

