একদিন তুমি পৃথিবী গড়েছো, আজ আমি স্বপ্ন গড়বো সযত্নে তোমায় রাখবো আগলে’ প্রতিপাদ্যে পঞ্চগড়ে উদযাপিত হয়েছে ৩৫তম আন্তর্জাতিক প্রবীণ দিবস। এ উপলক্ষ্যে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) এর সহযোগিতায় জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়। মঙ্গলবার সকালে জেলা কালেক্টরেট চত্বর থেকে শোভাযাত্রাটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরবর্তীতে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব সুমন চন্দ্র রায়। বিশেষ অতিথি ছিলেন জেলা সমাজসেবা উপ-পরিচালক অনিরুদ্ধ কুমার রায় ও জেলা শিশু বিষয়ক কর্মকর্তা ডা. মাহবুব সুমন। এছাড়া আলোচনায় অংশ নেন রিক’র এরিয়া ম্যানেজার রেজাউল করিম, প্রবীণ কমিটির মাগুড়া ইউনিয়ন সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান, হাফিজাবাদ ইউনিয়নের প্রবীণ সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা মোঃ আফজাল হোসেন এবং অমরখানা ইউনিয়নের প্রবীণ কমিটির সভাপতি মেহেদুল ইসলাম প্রমূখ। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি প্রবীণদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তাঁদের সঙ্গে সৌজন্য বিনিময় করেন।

