জেলা ও উপজেলা পর্যায়ের সব প্রেসক্লাবগুলোকে জাতীয় প্রেসক্লাবে আওতাভুক্ত করার পরিকল্পনা করছেন জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভুঁইয়া। তিনি বলেন, দেশকে উন্নয়নের শিখরে পৌছে দিতে লেজুড়বৃত্তি পরিহার করে বস্তুনিষ্ঠ ভাবে সাংবাদিকদের দায়িত্ব পালন করতে হবে। আর এজন্য সাংবাদিকদের ঐক্যের কোন বিকল্প নেই। ফলে দেশের বিভাগ, জেলা ও উপজেলার সাংবাদিকদের একতাবদ্ধ করতে নিরলস ভাবে কাজ করে চলেছি। আগামিতে বিভাগ, জেলা ও উপজেলা প্রেসক্লাবকে জাতীয় প্রেসক্লাবের সাথে যুক্ত করার পরিকল্পনা রয়েছে। সেক্ষেত্রে বিভাগ, জেলা ও উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও সম্পাদককে জাতীয় প্রেসক্লাবের সদস্য করা হতে পারে। শুক্রবার বিকেলে মণিরামপুর প্রেসক্লাবের হল রুমে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি এসব কথা বলেন।
মণিরামপুর প্রেসক্লাবের সভাপতি এস এম মজনুর রহমানের সভাপতিত্বে ও সম্পাদক মোতাহার হোসেনের সঞ্চলনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ে সংযুক্ত (সাংবাদিক) এস এম রাশেদুল ইসলাম, কলামিষ্ট ফোরাম অব বাংলাদেশের মহাসচিব মীর আব্দুল আলীম, প্রবাসী সাংবাদিক বাপ্পী কুমার দাস। এছাড়াও সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য নিছার উদ্দিন খান আযম, প্রতিদিনের কণ্ঠ পত্রিকার প্রকাশক ও সম্পাদক শাহিনুর রহমান পান্না, সিনিয়র সাংবাদিক মোহম্মাদ বাবুল আক্তার, বোরহান উদ্দিন জাকির প্রমুখ। মতবিনিময় শেষে প্রেসক্লাবে সাবেক আইসিটি সম্পাদক শফিক শিমু’র প্রকাশিত কবিতা ও গল্পগ্রন্থ ২টি বই অতিথিদের শুভেচ্ছা উপহার হিসাবে প্রদান করেন।

