কুমিল্লার দেবিদ্বার পৌরসভার প্রশাসক কর্তৃক নির্দেশিত ব্যবসায়ী প্রতিষ্ঠানে নিত্য পণ্যের মূল্য তালিকা না থাকায় দুই ব্যবসায়ী প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে পৌরসভার নিউ মার্কেট বাজারে এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফয়সাল উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার কর্মচারী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি মোঃ কাজী নাসিরসহ আরো অনেকে।
ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ‘ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯’ এর ৩৮ ধারায় মূল্য তালিকা না থাকায় পোল্ট্রি মুরগী ব্যবসায়ী শাহ পরানকে তিন হাজার ও মুদি দোকান ব্যবসায়ী স্বপন সরকারকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফয়সাল উদ্দিন বলেন, আগে থেকেই পৌর প্রশাসক কতৃক নিত্য পণ্যের বাজারে মূল্য তালিকা রাখার নির্দেশনা দেয়া হয়েছে। কিন্তু অনেক দোকানীরা তা মানছে না। তাই ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করে দুই ব্যবসায়ী প্রতিষ্ঠানকে জরিমানা ও সর্তকর্তা বার্তা জানিয়ে দেয়া হয়েছে।

