গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলায় কীটনাশক ট্যাবলেট খেয়ে নুপুর খাতুন (১৮) নামের এক তরুণীর মৃত্যু হয়েছে। গত শনিবার সকালের দিকে সাদুল্লাপুরউপজেলার নলডাঙ্গা ইউনিয়নের পূর্ব খামার দশলিয়া গ্রামের বাড়ি থেকে ওই তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত নুপুর খাতুন ওই গ্রামের লুৎফর রহমানের মেয়ে। স্থানীয়রা জানায় গত শুক্রবার রাতে পরিবারের অজান্তে কীটনাশক ট্যাবলেট খেয়ে অসুস্থ হয়ে পড়েন নুপুর খাতুন। পরে বিষয়টি বাড়ির লোকজন টের পেয়ে তাকে উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসাসেবা নেওয়া হয়। অবস্থার উন্নতি না হওয়ায় শনিবার সকালে নুপুরের মৃত্যু হয়। তবে নুপুর খাতুন আত্নহত্যা করেছে বলে স্বজনদের দাবি। সাদুল্লাপুর থানার ওসি মোঃ তাজউদ্দিন খন্দকার বলেন, খবর পেয়ে ঘটনা স্থল থেকে নুপুর খাতুন নামের এক তরুণীর মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

