মাদারীপুরের কালকিনি উপজেলার কানুরগাও গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে গত ২৪ সেপ্টেম্বর রাতে কুরবান শিকদার (৩০) দূরবিত্তদের হামলায় গুরুতরভাবে আহত হয়েছেন। এ ঘটনায় তার ভাই মুদাচ্ছেল শিকদার থানায় মামলা দায়ের করেছেন। মামলায় মোস্তাফিজুর রহমান মিলন সরদার , নাজমুল সরদার, মিন্টু সরদারসহ অজ্ঞাত আরও ৪/৫ জনকে আসামি করা হয়েছে। অভিযোগে বলা হয়, রাত ৯টার দিকে কুরবান শিকদার খাসেরহাট বাজার থেকে ভ্যানে বাড়ি ফেরার পথে আসামিরা তার ভ্যান গাড়ির গতিরোধ করে ধারালো রামদা ও চাপাতি দিয়ে মাথা ও পেটে কোপায়। এতে তিনি গুরুতর আহত হন এবং তার পেটের অভ্যন্তরীণ অংশ বের হয়ে আসে এবং তার বাম হাতের তালু কেটে যায়। হামলাকারীরা এ সময় তার কাছ থেকে নগদ ১০ হাজার টাকা ছিনিয়ে নেয়। ভ্যানচালক সেন্টু সরদার বাধা দিলে তাকেও ধাক্কা দেওয়া হয় এবং তার উপর আগ্রাসী আচরণ দেখায়। ঘটনাস্থলে উপস্থিত লোকজনকে আতঙ্কিত করতে হামলাকারীরা হাতবোমা সদৃশ বস্তু নিক্ষেপ করে বলে মামলায় উল্লেখ আছে। গুরুতর আহত কুরবান শিকদারকে প্রথমে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। পুলিশ ব্যবস্থা ও তদন্ত কালকিনি থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার মোহাম্মদ সোহেল রানা বলেন, “আসামিদের গ্রেপ্তারের কাজ চলমান রয়েছে; ঘটনার সুষ্ঠু তদন্ত ও আইনি প্রক্রিয়া সম্পন্ন করার জন্য আমরা সব ধরনের ব্যবস্থা গ্রহণ করছি।” পুলিশ সূত্রে জানা গেছে, মামলা নথিভুক্ত করে আসামিদের গ্রেপ্তারের জন্য আইনি প্রক্রিয়া অব্যাহত আছে এবং ঘটনার সঠিক পরিস্থিতি উদ্ঘাটনের লক্ষ্যে জিজ্ঞাসাবাদ, সাক্ষ্যসংগ্রহ ও প্রমাণ সংগ্রহের কাজ চলছে।

